প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ১৮:৪৬
ফরিদগঞ্জে সহপাঠীর ধর্ষণের শিকার কলেজ ছাত্রী।। ধর্ষক আটক

ফরিদগঞ্জে এক কলেজছাত্রী সহপাঠীর সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সহপাঠীকে আটক করেছে। ভুক্তভোগী শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। রোববার (২২ মার্চ ২০২৬) উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নে এ ঘটনা ঘটে। মামলা দায়েরপূর্বক অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে সোমবার (২৩ মার্চ ২০২৬) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
|আরো খবর
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় কলেজে অধ্যয়নরত ওই শিক্ষার্থী রোববার (২২ মার্চ ২০২৬) সকালে সহপাঠীর সঙ্গে বাইরে ঘুরতে যান। এক পর্যায়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমান কৌশলে তাকে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার রক্তক্ষরণ শুরু হয়। পরে সন্ধ্যার দিকে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্ত তুহিন হোসেন ওরফে সালমানকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত তুহিন হোসেন ওরফে সালমান গল্লাক আদর্শ কলেজের শিক্ষার্থী। সে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ এমদাদুল হক বলেন, কলেজছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক।








