বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ০৮:৫৭

বিশ্ব সঙ্গীত দিবসে গিটারের তারের সুরে মুখর চাঁদপুর বড় স্টেশন মোলহেড

সংস্কৃতি অঙ্গন প্রতিবেদক
বিশ্ব সঙ্গীত দিবসে গিটারের তারের সুরে মুখর চাঁদপুর বড় স্টেশন মোলহেড

বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে চঁাদপুরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আয়োজন ‘স্ট্রিংস অব চঁাদপুর গিটারিস্ট গ্যাদারিং ২০২৬’। গিটারপ্রেমী, সংগীতশিল্পী ও সংস্কৃতি অঙ্গনের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সংগীত উৎসবে।

শনিবার (২০ জুন ২০২৬) বিকেল থেকে চঁাদপুরের পর্যটন কেন্দ্র বড় স্টেশন মোলহেডে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে সন্ধ্যারাত পর্যন্ত ছিলো উৎসবের আবহ। মিক অ্যান্ড ফ্রেন্ডসের আয়োজনে এবং ট্রাইব ও উইজার্ড হাউস অব স্ট্রিংসের সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অংশ নেন জেলার বিভিন্ন প্রজন্মের গিটারিস্ট ও সংগীতশিল্পীরা।

আয়োজনের অন্যতম আকর্ষণ ছিলো ম্যাস গিটার জ্যাম সেশন, ওপেন স্টেজ পারফরম্যান্স, সম্মিলিত গিটার পরিবেশনা, মতবিনিময় এবং বিশ্ব সঙ্গীত দিবসকে ঘিরে নানা সাংস্কৃতিক আয়োজন। এতে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি নিজেদের সংগীতচর্চা, অভিজ্ঞতা ও ভাবনার আদান-প্রদান করেন।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ট্রাইব ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট সোহান, ড্রামার সাওন, বেইসিস্ট শাইখাত, গিটারিস্ট মুগ্ধ, হাজীগঞ্জ থেকে আগত আহাদসহ চঁাদপুরের বিভিন্ন এলাকার অসংখ্য সংগীতশিল্পী ও গিটারপ্রেমী। তাদের পরিবেশনায় জনপ্রিয় বাংলা গান, রক ও মেটাল ধারার সংগীত দর্শকদের মুগ্ধ করে।

বিশেষ করে সম্মিলিত গিটার পরিবেশনা এবং উন্মুক্ত মঞ্চে শিল্পীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উপস্থিত দর্শকদের ব্যাপক সাড়া ফেলে। তরুণ সংগীতশিল্পীদের প্রাণবন্ত উপস্থিতি এবং দর্শকদের উচ্ছ্বাস পুরো আয়োজনকে উৎসবমুখর করে তোলে। বিশ্ব সঙ্গীত দিবসকে কেন্দ্র করে এমন উদ্যোগ চঁাদপুরের সংস্কৃতি অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটি সফল করতে সহযোগিতা করেছে ক্লিন চঁাদপুর, মোল্লা ব্র্যান্ড এবং চঁাদপুর লিংক অ্যান্ড আইটি সেন্টার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন চঁাদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। তিনি বলেন, সংগীত মানুষের মনন গঠন করে, সৌন্দর্যবোধ জাগ্রত করে এবং সমাজকে ইতিবাচক পথে পরিচালিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চঁাদপুরে সংগীতচর্চার প্রসার, নতুন ও অভিজ্ঞ শিল্পীদের মধ্যে সেতুবন্ধন তৈরি এবং তরুণদের সুস্থ সাংস্কৃতিক চর্চার সঙ্গে সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঁাদপুর ফিজিওথেরাপির পরিচালক ডা. তানভীর আরিফ, সংগীতশিল্পী অ্যাডভোকেট বিশ্বজিৎ কর রানা, মিক অ্যান্ড ফ্রেন্ডসের অন্যতম পরিচালক রোটারিয়ান তানভীর আহমেদ সোহান, চঁাদপুর ড্রামার বাতেন এবং মিক অ্যান্ড ফ্রেন্ডসের সদস্য মো. সবুজ গাজী। তারা চঁাদপুরে সংগীতচর্চার বিকাশে তরুণদের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়