মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮

বিশেষ সাক্ষাৎকার: মো. নূর খান

শিক্ষক আন্তরিক হলে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কথা নয়

অনলাইন ডেস্ক
শিক্ষক আন্তরিক হলে কোনো শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কথা নয়

মো. নূর খান। চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ। দীর্ঘ ৫৬ বছরের শিক্ষকতা জীবনে তিনি নিষ্ঠার সাথে শিক্ষকতা করেছেন সরকারি ও বেসরকারি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে। ২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসরে যাওয়ার পর ২০০৮ সালের ২৩ ডিসেম্বর যোগ দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি চাঁদপুরে সুশৃঙ্খল ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষার্থীদের ফলাফল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সোমবার দুপুরে দৈনিক চাঁদপুর কণ্ঠের শিক্ষাঙ্গন বিভাগের সাথে কথা বলেছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন: আলআমিন হোসাইন।

আপনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের সূচনালগ্ন থেকে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানের শিক্ষাদান পদ্ধতি ও পরিচালনায় কী কী পরিবর্তন এনেছেন?

মো. নূর খান: আমরা আধুনিক শিক্ষাদান পদ্ধতি অনুসরণ করি। তবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই শৃঙ্খলা, নিয়মিত ক্লাস এবং শিক্ষকদের প্রস্তুতির ওপর। প্রত্যেক শিক্ষককে ক্লাসে যাওয়ার আগে পাঠ প্রস্তুত করে আসতে হয়। শিক্ষকদের বিষয়ভিত্তিক বই দেওয়া আছে। মাঝেমাঝে শনিবার ক্লাস না থাকলেও তাঁদের সঙ্গে পরবর্তী সপ্তাহের পাঠ প্রস্তুতি নিয়ে আলোচনা করি। কোনো বিষয়ে সমস্যা হলে প্রথমে সিনিয়র শিক্ষকদের সহযোগিতা নিতে বলি। প্রয়োজন হলে আমি নিজেও সমাধান দিই। শিক্ষার্থীদের ক্ষেত্রেও নিয়মিত পাঠ আদায় করা হয়। আগের দিনের পড়া পরীক্ষা করা হয়। কেউ ভালোভাবে উত্তর দিতে না পারলে তাকে আবার বুঝিয়ে দেওয়া হয়। আমরা কোনো ঘাটতি রাখতে চাই না।

এসএসসি পরীক্ষায় আপনাদের প্রতিষ্ঠানের ফলাফল ধারাবাহিকভাবে ভালো হচ্ছে। এ সাফল্যের পেছনে কী ভূমিকা রেখেছে? মো. নূর খান: এর পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক—সবার সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না। শিক্ষক ও শিক্ষার্থী উভয়কেই সময়মতো ক্লাসে আসতে হয়। নিয়মিত পড়াশোনা এবং শৃঙ্খলা মেনে চলার বিষয়টি নিশ্চিত করা হয়। কোনো শিক্ষার্থীর দুর্বলতা দেখা গেলে আমরা দ্রুত অভিভাবকদের জানাই। প্রয়োজনে তাঁদের ডেকে কথা বলি। আমাদের অভিভাবকেরাও বেশ সহযোগিতাপরায়ণ। এই সমন্বয়ের কারণেই ভালো ফলাফল ধরে রাখা সম্ভব হচ্ছে।

চাঁদপুরে ইংরেজি মাধ্যম বা আন্তর্জাতিক ধারার শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে অবস্থান তৈরি করতে কী ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছেন? মো. নূর খান: সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ইংরেজি ভাষায় অভ্যস্ত শিক্ষক পাওয়া। আমাদের মাতৃভাষা বাংলা। ফলে অনেক শিক্ষক ইংরেজি মাধ্যমে পাঠদান ও সার্বক্ষণিক ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে শুরুতে কিছুটা অসুবিধায় পড়েন। আবার অনেক অভিভাবকও ইংরেজিতে দক্ষ নন। ফলে সন্তানদের বাসায় পড়াশোনায় সহযোগিতা করতে পারেন না। তখন শিক্ষার্থীরা শিক্ষকদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তবে ধীরে ধীরে পড়াশোনা ও অনুশীলনের মাধ্যমে শিক্ষকেরা এই পরিবেশের সঙ্গে অভ্যস্ত হয়ে ওঠেন।

শিক্ষকদের মান উন্নয়নে আপনারা কী কী কাজ করেন? আপনি প্রতিষ্ঠান প্রধান হিসেবে তাঁদের কীভাবে মূল্যায়ন করেন? মো. নূর খান: আগে শিক্ষকদের নিয়ে নিয়মিত প্রশিক্ষণ ও আলোচনা করতাম। প্রয়োজনে নিজেই ব্ল্যাকবোর্ডে লিখে দেখিয়ে দিতাম কীভাবে পাঠদান করতে হবে। এখন আমাদের অনেক শিক্ষক অভিজ্ঞ। নতুন যাঁরা যোগ দেন, তাঁরা সিনিয়র শিক্ষকদের কাছ থেকে সহযোগিতা পান। এছাড়া পরীক্ষার খাতা মূল্যায়নের পর অন্য শিক্ষক দিয়ে তা যাচাই করানো হয়। আমিও নমুনা খাতা দেখে মূল্যায়নের যথার্থতা যাচাই করি। শিক্ষকদের বার্ষিক মূল্যায়নের ক্ষেত্রে তাঁদের আচরণ, ক্লাসের পারফরম্যান্সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়।

যেসব শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে থাকে, তাদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে? মো. নূর খান: অবশ্যই। কোনো শিক্ষার্থী দুর্বল হলে প্রথমে তাকে ক্লাসেই অতিরিক্ত বুঝিয়ে দেওয়া হয়। বিষয় শিক্ষক বা ক্লাস শিক্ষক প্রয়োজন হলে তাকে আমার কাছে নিয়ে আসেন। আমি তার সঙ্গে কথা বলি, উৎসাহ দিই এবং প্রয়োজনে সতর্ক করি। শিক্ষার্থীর সমস্যা সমাধানে আমরা যথেষ্ট সময় দিই। এতেও উন্নতি না হলে অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করি। আমার বিশ্বাস, একজন শিক্ষক আন্তরিকভাবে বোঝানোর চেষ্টা করলে শিক্ষার্থী বুঝতে পারবে না, এমনটা হতে পারে না। আমার শিক্ষকতা জীবনে আমি সব সময় এই বিশ্বাস নিয়েই কাজ করেছি।

প্রতিষ্ঠানটি নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মো. নূর খান: আমাদের লক্ষ্য প্রতিষ্ঠানটিকে আরও উন্নত করা এবং বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা। আমরা চাই, এখানকার শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করুক। ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থী দেশে ও বিদেশে ভালো অবস্থানে রয়েছে। আমরা শিক্ষার মান, শৃঙ্খলা ও নিয়মিত পাঠদানের ক্ষেত্রে যে ধারাবাহিকতা বজায় রেখেছি, তা ধরে রাখতে চাই।

সহপাঠক্রমিক কার্যক্রম হিসেবে শিক্ষার্থীদের জন্য কী কী আয়োজন রয়েছে?

মো. নূর খান: আমাদের ইনডোর ও আউটডোর—দুই ধরনের খেলাধুলারই ব্যবস্থা রয়েছে। সারা বছর শিক্ষার্থীরা খেলাধুলার অনুশীলন করে। সাংস্কৃতিক কার্যক্রমের জন্য প্রতি বৃহস্পতিবার শেষের ক্লাসগুলোতে অনুশীলন হয়। ইসলামী সংগীত ও কেরাত, আধুনিক গান, পল্লিগীতি, ভাওয়াইয়া এবং সংক্ষিপ্ত বক্তব্যের চর্চা করা হয়। এছাড়া বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা অংশ নেয়। জাতীয় ক্রীড়া, ফুটবল ও সাহিত্য প্রতিযোগিতায় তারা নিয়মিত ভালো ফল করে, অনেক সময় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে।

গত পাঁচ বছরের এসএসসি ফলাফল সম্পর্কে পাঠকদের কিছু বলুন। মো. নূর খান: আমাদের ফলাফল শুরু থেকেই ভালো। প্রথম দিকে পাসের হার ৯৮ থেকে ৯৯ শতাংশের মধ্যে ছিল। গত কয়েক বছর ধরে এসএসসিতে শতভাগ পাসের ফলাফল অর্জিত হচ্ছে। এর পেছনে শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা এবং অভিভাবকদের সহযোগিতা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে।

আপনার শিক্ষকতা জীবনের সবচেয়ে আনন্দময় দিনের কথা জানতে চাই। মো. নূর খান: আমার কাছে সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো, যে শিক্ষার্থী পড়াশোনায় দুর্বল ছিল, সে আমার অনুপ্রেরণা ও নির্দেশনায় ভালো ফল করেছে। ভালো শিক্ষার্থীরা ভালো করবেই। কিন্তু একজন দুর্বল শিক্ষার্থীকে সঠিকভাবে গাইড করে ভালো অবস্থানে নিয়ে আসতে পারলে আমি সবচেয়ে বেশি আনন্দ পাই। একটি ঘটনা মনে পড়ে। আমি যখন ইংরেজি শিক্ষকতা করতাম, তখন শিক্ষার্থীদের খুব সহজ ভাষায় পড়া বোঝানোর চেষ্টা করতাম। কঠিন ইংরেজি ব্যবহার করে নিজেকে জাহির করার কোনো চেষ্টা আমার ছিল না। আমার কাছে মনে হতো, আমি ইংরেজি জানি, কিন্তু আমার শিক্ষার্থী যদি না বোঝে, তাহলে সেই জানার মূল্য কী? একসময় আমার এক প্রাক্তন শিক্ষার্থী, যিনি পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার হয়েছিলেন, আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি আমার কাছে এসে সালাম করেন এবং দোয়া নেন। আমাদের বাবুরহাট ক্যাম্পাসে তিনি অন্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে দেখা করতে এসেছিলেন। শিক্ষক হিসেবে সেই শ্রদ্ধা ও ভালোবাসা পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। দীর্ঘ ৫৬ বছরের শিক্ষকতা জীবনে এমন মুহূর্তই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে। একজন শিক্ষকের প্রকৃত প্রাপ্তি বোধ হয় এটাই—শিক্ষার্থীরা বড় হয়ে গেলেও তাঁদের মনে শিক্ষককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়