প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ২১:১১
মতলব উত্তরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন
বিজ্ঞানমনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশগ্রহণ বিদ্যমান
---ইউএনও মাহমুদা কুলসুম মনি

মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেছেন, বিজ্ঞানমনস্ক না হলে প্রতিযোগিতামূলক আধুনিক বিশ্বে টিকে থাকা দুরূহ হবে। বিজ্ঞান চর্চায় নারীরাও কম এগিয়ে নেই। বিজ্ঞানমনস্ক হওয়ায় সরকারের উচ্চ পর্যায়ে নারীদের গৌরবময় অংশগ্রহণ বিদ্যমান। প্রাত্যহিক জীবনে বিজ্ঞানের অপরিহার্যতা লক্ষ্য করলেই বোঝা যায় এর গুরুত্ব কতোটুকু। যে যেই বিষয়ে পড়ালেখা করুক না কেন, বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন করা যায়।
|আরো খবর
বুধবার (৮ এপ্রিল ২০২৬) মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় তিনি এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, বিজ্ঞানের উৎকর্ষতায় শুধু আউট সোর্সিংয়ে বাংলাদেশের অগ্রগতি হয়েছে। স্কুল কলেজে পড়ুয়া সবাইর মধ্যে বিজ্ঞানমনস্ক প্রতিভা আছে। তবে বিকাশের ক্ষেত্র তৈরি করে এর চর্চা বেগবান করতে হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় বিজ্ঞান প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দুই দিনব্যাপী মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর প্রতিনিধি গাউসুল আজম।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।
'বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ' প্রতিপাদ্য নিয়ে মতলব উত্তর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় ৬টি কলেজ ও ১২টি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে।








