প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৪৬
চাঁদপুরে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় হেল্প ডেস্ক

গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ কেন্দ্রজুড়ে ছিলো দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীদের সরব উপস্থিতি। এসব পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সহায়তা প্রদানের লক্ষ্যে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর কুমিল্লা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে একটি হেল্প ডেস্ক স্থাপন করা হয়। এ ডেস্ক থেকে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, তথ্য সহায়তা এবং সার্বিক সহযোগিতা প্রদান করা হয়। বিশেষ করে পরীক্ষার সময় পরীক্ষার্থীদের মূল্যবান সামগ্রী নিরাপদে রাখার জন্যে টোকেন সিস্টেম চালু করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক স্বস্তি সৃষ্টি করে। এছাড়া তীব্র গরমের কথা বিবেচনা করে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্যে ঠাণ্ডা পানির ব্যবস্থা করা হয়, যা উপস্থিত সবার কাছে প্রশংসিত হয়।
উদ্যোক্তারা জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আগত শিক্ষার্থীদের সুবিধা নিশ্চিত করাই ছিলো এই উদ্যোগের মূল লক্ষ্য। পরীক্ষার্থীরা এ ধরনের সহায়ক কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।








