প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০:১৭
রামগঞ্জের চুরির ঘটনায় ফরিদগঞ্জের জুুয়েলারি দোকান থেকে চোরাইকৃত স্বর্ণালঙ্কার উদ্ধার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার একটি চুরির ঘটনায় আটক আসামির স্বীকারোক্তি অনুযায়ী চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুন ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে চোরের দেখানো মতে 'ভাই ভাই শিল্পালয় এন্ড জুয়েলার্সে ' অভিযান পরিচালনা করা হয়। এর আগে রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামে এক হিন্দু বাড়িতে চুরির ঘটনায় ওই এলাকার মহসিনের ছেলে চিহ্নিত চোর শান্তকে আটক করা হলে তার দেওয়া স্বীকারোক্তি মূলে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের মিলন রানী মালাকারের বাড়িতে গত ১২ জুন ২০২৬ (শুক্রবার) দিনে দুপুরে স্বর্ণসহ মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী পরিবার রামগঞ্জ থানায় মামলা দায়ের করলে থানা পুলিশের সদস্যরা তদন্ত করে চোর শান্তকে আটক করে। শান্তর দেওয়া স্বীকারোক্তি মোতাবেক রামগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক প্রান্ত, অতিরিক্ত উপপুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন ও ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক পিয়াস বড়ুয়ার সহযোগিতায় ফরিদগঞ্জ বাজারের উত্তর মাথায় স্বর্ণ ব্যবসায়ী শ্যামল দাসের মালিকানাধীন ভাই ভাই শিল্পালয় এন্ড জুয়েলার্সে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, আটককৃত চোর শান্ত ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে কলেজ গেইট এলাকায় মোল্লা বাড়ির শিপন মোল্লার মেয়েকে বিয়ে করে গত ৫ বছর পূর্বে। চুরির ঘটনার পর তার শাশুড়ি কুলছুমা বেগমকে দিয়ে এ স্বর্ণ বিক্রি করে সে। চোর শান্তর শাশুড়ি কুলছুমা বেগম বলেন, আমার মেয়ের জামাই বলেছে এই স্বর্ণ কুড়িয়ে পেয়েছে। ভাই ভাই শিল্পালয় এন্ড জুয়েলার্স আমার পরিচিত হওয়ায় আমি এ দোকানে এনে ১ লাখ ২২ হাজার টাকা মূল্যে স্বর্ণের চেইনটি বিক্রি করেছি।
স্বর্ণ ক্রয়ের বিষয়টি নিশ্চিত করে ভাই ভাই শিল্পালয় এন্ড জুয়েলার্সের কর্মচারীরা বলেন, আমরা টাকা দিয়ে স্বর্ণ ক্রয় করেছি। কুলছুমা আমাদের নিয়মিত কাস্টমার।
স্থানীয় আরেক স্বর্ণ ব্যবসায়ী শঙ্কর দাস বলেন, কুলছুমা বেগম যখন স্বর্ণ বিক্রয় করেছে, তখন আমরা উপস্থিত ছিলাম। যেহেতু এগুলো চোরাইকৃত স্বর্ণ বলে পুলিশ জানিয়েছে, তাই বিক্রেতা কুলছুমা বেগমকে উপস্থিত করে উক্ত স্বর্ণ উদ্ধার অভিযানে প্রশাসনকে সহযোগিতা করেছি।








