প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ২০:০৯
ফরিদগঞ্জে নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের পুরস্কার ও সনদ বিতরণ

ফরিদগঞ্জ পৌরসভায় শিশু শিক্ষাপ্রতিষ্ঠান 'নিউ আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড মাদ্রাসা'র উদ্যোগে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
|আরো খবর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালক ও প্রধান শিক্ষক মো. শাখাওয়াত হোসেন মিন্টু। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল।
বিদ্যালয়ের পরিচালক ও সহকারী প্রধান শিক্ষক জুয়েল গাজী এবং মাওলানা মুজাম্মেল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক গাজী মমিন, সদস্য এফএ মানিক, শামীম হাসান ও সাংবাদিক গিয়াস উদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রেবা বিশ্বাস, সহকারী শিক্ষক শীলা রাণী, রাসেদুল ইসলাম, নীগার সুলতানা মিলি ও তানজিলা আক্তারসহ অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি, প্রতিভা বিকাশ এবং সুপ্ত সম্ভাবনাকে জাগিয়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতায় সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানশেষে সাংস্কৃতিক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিরা।








