শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:১১

রাস্তায় কাঁটাতারের বেড়া ও গাছ কাটার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার স্ত্রীসহ আহত ২

ফরিদগঞ্জ ব্যুরো।।
রাস্তায় কাঁটাতারের বেড়া ও গাছ কাটার প্রতিবাদ করায় মুক্তিযোদ্ধার স্ত্রীসহ আহত ২

ফরিদগঞ্জে চলাচলের পুরোনো পথের মাটি কেটে কাঁটাতারের বেড়া দেওয়ার পর এবার বাগানের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে এক বীর মুক্তিযোদ্ধার স্ত্রীসহ দুই নারী আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর ২০২৬) সকালে উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের দায়চারা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন—ওই এলাকার রোকেয়া বেগম (৬৫) ও আমেনা আক্তার শিউলী (৩৮)।

অভিযোগ রয়েছে, একই এলাকার আলী আশরাফ শিমুল দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে কাঁটাতারের বেড়া দেন এবং সর্বশেষ শনিবার সকালে সৃজনকৃত বাগানের বিপুল সংখ্যক সুপারি গাছ কেটে নেন।

ভুক্তভোগী আমেনা আক্তার শিউলী জানান, কোনো কারণ ছাড়াই গত ৬ সেপ্টেম্বর আলী আশরাফ শিমুল চলাচলের পথে কাঁটাতারের বেড়া দিয়ে মাটি কেটে ফেলেন। এতে পাটোয়ারী বাড়ির প্রায় অর্ধশত পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ বিষয়ে ভুক্তভোগীরা সহকারী কমিশনারের (ভূমি) কাছে লিখিত আবেদন করলে ভূমি অফিস সরেজমিন পরিদর্শন করে তাদের পক্ষে মতামত দেয়। তবে তদন্তকালে একাধিকবার নোটিশ পাঠানো হলেও শিমুল উপস্থিত হননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ভুক্তভোগীদের দাবি, ভূমি অফিসের অবস্থানের পর ক্ষিপ্ত হয়ে শিমুল কাঁটাতারের বেড়া অপসারণ ঠেকাতে গত ১১ নভেম্বর চাঁদপুর দেওয়ানি আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন। এরপর শনিবার সকালে বাগানের সুপারি গাছ কাটতে গেলে রোকেয়া বেগম ও শিউলী বাধা দেন। এ সময় প্রতিপক্ষের হামলায় তারা আহত হন। এ ঘটনায় রোকেয়া বেগম বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে আলী আশরাফ শিমুল বলেন, ওই সম্পত্তির ওপর আদালতের নিষেধাজ্ঞা জারির জন্য মামলা করা হয়েছে। তবে গাছ কাটার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়