প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ১৯:০৩
শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রীড়া উৎসব উদ্বোধন

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রীড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর ২০২৬) দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন।
|আরো খবর
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান ও শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
ক্রীড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাবের স্বাগত বক্তব্যের পর প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও মনিরা খাতুন ক্রীড়া উৎসবের সফলতা কামনা করে বলেন, “সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে ভালো লাগছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এমন আয়োজন প্রশংসনীয়। আমি আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করবো।”
আনুষ্ঠানিক উদ্বোধনের পর দাবা খেলার মধ্য দিয়ে মূল প্রতিযোগিতা শুরু হয়। প্রথম পর্বের খেলায় অংশ নেন সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহিউদ্দিন, জসিম উদ্দিন ও আবু হানিফ। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।








