রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ১৯:০৭

সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে হবে, অবৈধ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে

—চাঁদপুর জেলা উন্নয়ন কমিটির সভায় শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

স্টাফ রিপোর্টার।।
সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত করতে হবে, অবৈধ ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে হবে

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি মানিক বলেন, পৌরসভার বকেয়া বিদ্যুৎ বিল যত দ্রুত সম্ভব পরিশোধ করতে হবে। চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং এসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করতে হবে। জেলায় বর্তমানে ৪৬টি বৈধ ইটভাটা থাকলেও ৪৮টি অবৈধ ইটভাটা চুল্লিতে আগুন দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকার অবৈধ ইটভাটা বন্ধের স্পষ্ট নির্দেশনা দিয়েছে; তাই এ ক্ষেত্রে কোনো ধরনের ‘চোর-পুলিশ’ খেলা চলতে দেওয়া যাবে না। অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুরক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে তামাকজাত পণ্যের দোকান থাকতে পারবে না। এই নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।

চাঁদপুর শহরের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করে এমপি মানিক বলেন, পুরো শহরজুড়ে বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা যায়, যা নগরীর পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করছে। দ্রুত কার্যকর ডাম্পিং ব্যবস্থা গড়ে তুলে শহরের বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

নিরাপদ পানির সংকট ও আর্সেনিক সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নে প্রায় ৭৯০ ফুট গভীর পর্যন্ত গিয়ে পরীক্ষা করেও পানিতে আর্সেনিক পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে হবে।

সরকারি সম্পত্তি ও রেলওয়ের জায়গা অবৈধ দখলমুক্ত করার কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, রেলওয়ের জায়গা উদ্ধারের বিষয়ে আগেও নির্দেশনা দেওয়া হয়েছে। বৈধ লিজ ছাড়া যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন, তাদের উচ্ছেদ করতে হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এটি কি মগের মুল্লুক? যে যার ইচ্ছামতো সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করবে?’ সরকারি সব দপ্তরকে নিজ নিজ সম্পত্তির দখল বুঝে নিয়ে অবৈধ দখলমুক্ত করার এবং জনগণের সেবা সবার আগে নিশ্চিত করার নির্দেশ দেন তিনি।

এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তুলে তিনি বাজার মনিটরিং জোরদার করার নির্দেশনা দেন। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেউ যাতে গ্যাস বিক্রি করতে না পারে, সে বিষয়ে কার্যকর নজরদারি রাখার তাগিদ দেন তিনি।

নদী দখল ও ভরাটের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এমপি মানিক বলেন, নদী ভরাট করে সেখানে ইট-বালু মজুত রেখে ব্যবসা করা হচ্ছে। এসব অবৈধ দখল ও স্থাপনা দ্রুত উচ্ছেদ করে নদীর স্বাভাবিক পরিবেশ ও সৌন্দর্য ফিরিয়ে আনতে হবে। নদীর তীর রক্ষায় ব্রিটিশ আমলে নির্মিত রিটেইনিং ওয়াল রয়েছে। এ ধরনের সরকারি সম্পত্তি ও নদীর পরিবেশ রক্ষায় কেউ বাধা সৃষ্টি করলে প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একরামুল সিদ্দিক।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিম, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নুর আলম দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল কবির, চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসাদ্দেক হোসেন, প্রবাসী কল্যাণের সহকারী পরিচালক মো. সফিকুর রহমান, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তফা কামাল, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম মো. নিজাম উদ্দিন শামস, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম এ এফ এম রাকিবুল হক, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম আলিফ, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান ভূঁইয়া, পানি উন্নয়ন বোর্ডের উপ-নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের উপ-নির্বাহী প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, জেল সুপার মো. জয়নালসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়