প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:৩২
ইয়ুথ ফোরাম বাংলাদেশ’-এর আন্তর্জাতিক যুব সম্মেলন ও ৪০ গুণীজনকে সম্মাননা প্রদান

‘
অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ ফোরাম বাংলাদেশ’-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব সম্মেলন এবং ৪০ জন গুণীজনকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্বসাহিত্য কেন্দ্রের ইসফেন্দিয়ার জাহেদ হাসান মিলনায়তনে এ আয়োজন করা হয়।
'তারুণ্যের শক্তিতে গড়ি সমৃদ্ধ আগামী' এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কো-অর্ডিনেটর রোটারিয়ান অ্যাডভোকেট আলেয়া বেগম লাকী, পিএইচএফ। নিপা আক্তারের সঞ্চালনায় দুটি পর্বে বিভক্ত এই আয়োজনের প্রথম পর্বে যুব সম্মেলন ও তারুণ্যের নেতৃত্ব নিয়ে আলোচনা এবং দ্বিতীয় পর্বে গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়।
সম্মেলনের প্রথম পর্বে ‘সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে যুবদের ভূমিকা’ (দ্য রোল অব ইয়ুথ ইন বিল্ডিং আ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ) শীর্ষক আলোচনায় সভাপতিত্ব করেন ইয়ুথ ফোরাম বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম. ইরফান উদ্দিন ইরো। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রজেক্ট লিয়াজোঁ রুহী রুসাবা জাইয়া জাহান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইয়ুথ ইনোভেটর ইরান সর্দার, সমাজকর্মী মাহিন আলম, মো. আলমগীর কবির ও তা-সিন শাহরিয়ার আলিফ প্রমুখ। এ পর্বে বাংলাদেশের যুব প্রতিনিধিদের পাশাপাশি আফ্রিকা, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, কানাডা, চীন, ভারত ও নেপালসহ বিভিন্ন দেশের সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা ও ক্রীড়াবিদ আলহাজ্ব মো. হুমায়ুন কবির। এতে প্রধান অতিথি ছিলেন রোটারিয়ান লুবনা আফরোজ (এমপিএইচএফ, বিএমডি) এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ও রাষ্ট্রদূত রোটারিয়ান মসয়ূদ মান্নান (এনডিসি)। অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিউ সোসাইটির চেয়ারম্যান ড. এ. এম. এম. আনিসুল আউয়াল, ঢাকা ট্যাকসেস বারের ট্রেজারার অ্যাডভোকেট হেলাল-ই-আযম, চট্টগ্রাম ইতিহাস গবেষণা কেন্দ্রের সভাপতি মো. সোহেল ফখরুল দ্বীন, মানবপাচার রোধ ও মানবাধিকার সংস্থার সভাপতি সৈয়দ খায়রুল আলম, মাইনুল রশিদ চৌধুরী, রেডক্রস মালয়েশিয়ার সদস্য মোহাম্মদ মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে ৪০ জনকে সনদ ও ‘এস্টিমড অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়। উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে ছিলো—শ্রেষ্ঠ চিকিৎসক, শ্রেষ্ঠ শিক্ষক, নারী উদ্যোক্তা, শ্রেষ্ঠ ব্যবসায়ী, শ্রেষ্ঠ ব্যবস্থাপনা পরিচালক, শ্রেষ্ঠ গবেষক, সমাজকর্মী, মানবাধিকারকর্মী, শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবী, শ্রেষ্ঠ সংগীতশিল্পী এবং শ্রেষ্ঠ কারাতেকা ও স্কেটার। আলোচনার বিরতিতে মনোজ্ঞ নাচ, গান ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।








