সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২০:১৪

মতলবে ছোট ভাইয়ের মরদেহ দেখে বড় ভাইয়েরও মৃত্যু

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে ছোট ভাইয়ের মরদেহ দেখে বড় ভাইয়েরও মৃত্যু

ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে আসার পর তা দেখে শোকে বড় ভাইও মারা গেছেন। মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সহোদর ভাইয়ের এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মতলব পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় নিজ ভাড়া বাসায় দীর্ঘদিনের অসুস্থতার কারণে ছোট ভাই হোসেন খান (৫৫) ইন্তেকাল করেন। সেখানে জোহরের নামাজশেষে প্রথম জানাজা সম্পন্ন করে তাঁর মরদেহ গ্রামের বাড়ি মতলব পৌরসভার নবকলস এলাকার খান বাড়িতে আনা হয়। বিকেল তিনটায় দ্বিতীয় জানাজা ও দাফনের সব প্রস্তুতি চলছিলো। কিন্তু ছোট ভাইয়ের মরদেহ ঘরে আসার পর তা দেখে বড় ভাই হাসেম খান (৬০) মানসিকভাবে ভেঙে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। পরে চিকিৎসাধীন অবস্থায় ছোট ভাইয়ের দাফনের ঠিক আগমুহূর্তে বিকেল তিনটার দিকে বড় ভাই হাসেম খানও মৃত্যুবরণ করেন।

নিহতের ভাতিজা রাহি খান জানান, সকালে ছোট কাকা হোসেন খান মারা যাওয়ার পর তাঁর মরদেহ বাড়িতে আনা হলে বড় কাকা হাসেম খান বিলাপ করে বলে ওঠেন— ‘হে আল্লাহ, আপনি আমার ভাইকে না নিয়ে আমারে নিয়ে যাইতেন।’ এর কিছুক্ষণ পরই তিনি অচেতন হয়ে পড়েন এবং আধা ঘণ্টার ব্যবধানে মারা যান। মৃত্যুকালে হাসেম খান দু ছেলে ও এক মেয়ে এবং হোসেন খান এক ছেলে ও দু মেয়ের জনক ছিলেন। তারা চার ভাই ছিলেন।

এলাকাবাসী সোহেল প্রধান বলেন, “এক দিনে মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দু ভাইয়ের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এই আকস্মিক ট্র্যাজেডিতে পুরো পরিবারটি এখন স্তব্ধ।”

সোমবার এশার নামাজের পর দাগন প্রধানীয়া বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে দু সহোদর ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাশেষে তাদের পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন সম্পন্ন করা হয়। জানাজায় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, সাবেক সভাপতি এমদাদ হোসেন খানসহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়