রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬, ২০:৪৭

১৫শ' ছাত্রীর স্বাস্থ্যসুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ

আব্দুল্লাহ আল মামুন
১৫শ' ছাত্রীর স্বাস্থ্যসুরক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ
বাবুরহাটের দুটি স্কুলে স্যানিটারী ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিলেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান আকাশ।

বিশেষ সময়ে স্কুলে উপস্থিতি ও স্বাচ্ছন্দ্যে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে চাঁদপুরের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী নূরুল আমিন খান আকাশ এই উদ্যোগ নেন।

রোববার (১ নভেম্বর ২০২৬) সকালে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পৃথকভাবে দুটি ভেন্ডিং মেশিন প্রদান করা হয়।

উদ্যোগটির মাধ্যমে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রায় ৯শ' এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৮শ' ছাত্রী বিশেষ সময়ে সহজেই স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন সংগ্রহ করতে পারবে। মাত্র ১০ টাকায় ন্যাপকিন পাওয়ার এই সুযোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে নূরুল আমিন খান আকাশ বলেন, “পরিচ্ছন্ন থাকার ওপর আমাদের প্রতিটি ধর্মেই গুরুত্ব দেওয়া হয়েছে। কিন্তু কিশোরী শিক্ষার্থীদের বিশেষ সময়ে নানা ধরনের শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক সময় প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় তাদের বিদ্যালয় ও ক্লাসে স্বাভাবিক অংশগ্রহণ ব্যাহত হয়। এসব বিষয় বিবেচনা করেই ‘ক্লিন চাঁদপুর’ এই উদ্যোগ গ্রহণ করেছে।”

একজন অভিভাবকের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “আমি একজন মেয়ের বাবা হিসেবে বিষয়টি গভীরভাবে উপলব্ধি করতে পারি। আমাদের মেয়েরা যাতে বিশেষ সময়ে কোনো অস্বস্তি বা সমস্যায় না পড়ে এবং নামমাত্র মূল্যে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করতে পারে, সেটিই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।”

পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি আরও বলেন, “নিজেদের স্কুল, বাড়িঘর ও আশপাশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ময়লা-আবর্জনা ও টিস্যু নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। পাশাপাশি ছোটবেলা থেকেই বাড়ির কাজে মায়েদের সহযোগিতার অভ্যাস গড়ে তুলতে হবে। এই দেশ ও জেলাকে নিজের মনে করে পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সুন্দর ও স্বাস্থ্যসম্মত চাঁদপুর গড়ে তোলা সম্ভব।”

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নূর খান, বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মো. মোবারক পালোয়ান ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর শেখসহ ‘ক্লিন চাঁদপুর’-এর বিভিন্ন স্তরের সদস্যরা।

শিক্ষাপ্রতিষ্ঠান দুটির প্রায় ১ হাজার ৭০০ শিক্ষার্থীর জন্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট এই উদ্যোগকে শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। সংশ্লিষ্টদের মতে, সহজলভ্য ও স্বল্পমূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রাপ্তির এই ব্যবস্থা কিশোরী শিক্ষার্থীদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি বাড়াতে এবং তাদের স্বাচ্ছন্দ্যপূর্ণ শিক্ষাজীবনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়