প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ২১:০৬
শর্তসাপেক্ষে জামিনে হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী ও তাঁর বাবা

ঐতিহাসিক হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহম্মদ ও তাঁর বাবা ড. আলমগীর কবির পাটওয়ারীকে একটি প্রতারণা মামলায় শর্তসাপেক্ষে অস্থায়ী জামিন দিয়েছেন আদালত। বাদীর পাওনা টাকার অর্ধেক পরিশোধ করার পর আদালত এ জামিন মঞ্জুর করেন।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেলে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, বিবাদীদের বিরুদ্ধে ৪২ লাখ টাকা প্রতারণার অভিযোগে মামলাটি দায়ের করেন হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারের ব্যবসায়ী কবির হোসেন লিটন। সোমবার শুনানি চলাকালে আসামি পক্ষের আইনজীবীরা বাদী পক্ষের কাছে ৪২ লাখ টাকার মধ্যে ২১ লাখ টাকার পে-অর্ডার হস্তান্তর করেন। এর প্রেক্ষিতে আদালত আসামিদের অস্থায়ী জামিন মঞ্জুর করেন।
এর আগে, রোববার (১৮ অক্টোবর ২০২৬) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের পর আসামিদের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। ওই দিন মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা ড. আলমগীর কবির আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অন্যদিকে, মোতাওয়াল্লী প্রিন্স শাকিল আহম্মদের দায়ের করা একটি পাল্টা মামলায় বাদী ব্যবসায়ী কবির হোসেন লিটনও আসামি ছিলেন। জামিন আবেদনের প্রেক্ষিতে রোববার আদালত তাঁকেও কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে সোমবার কবির হোসেনের আইনজীবী উচ্চ আদালতের জামিনের প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করলে বিচারক তাকেও জামিন দেন।
উভয় মামলার আইনজীবী ও সংশ্লিষ্ট আদালত সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।








