প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২১:২৩
দোকানের পাওনা টাকা চাওয়ায় সাংবাদিক কামরুলের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, থানায় অভিযোগ

দোকানের পাওনা বকেয়া টাকা চাওয়ায় এবং পরবর্তীতে নতুন করে টাকা হাওলাত না দেওয়ায় সাংবাদিক কামরুল ইসলামের বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে কাউছুল আজম রাব্বি নামের এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় প্রতিকার ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্র ও ভুক্তভোগী জানান, পূর্বে চাঁদপুরে বসবাসকারী কাউছুল আজম রাব্বি প্রায় তিন বছর আগে সাংবাদিক কামরুল ইসলামের 'সেবা সিটি মার্কেট'-এ অবস্থিত 'ফাতেমা ফ্যাব্রিক্স' নামের দোকান থেকে বাকিতে তিনটি 'থ্রি-পিস' ক্রয় করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে তা পরিশোধের আশ্বাস দিলেও দীর্ঘ দিনেও সেই পাওনা টাকা আর পরিশোধ করেননি।
সম্প্রতি প্রায় এক সপ্তাহ আগে রাব্বি ঢাকায় অবস্থানকালে এক জরুরি সমস্যার কথা জানিয়ে সাংবাদিক কামরুল ইসলামের ম্যাসেঞ্জারে বিকাশের মাধ্যমে টাকা হাওলাত চান। তবে পূর্বের পাওনা পরিশোধ না করায় তিনি পুনরায় টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
এতেই ক্ষিপ্ত হয়ে কাউছুল আজম রাব্বি তার নিজস্ব ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুল ইসলামের ছবি ব্যবহার করে বিভিন্ন মিথ্যা, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য পোস্ট করেন। এ ঘটনায় নিজের সামাজিক ও পেশাগত সম্মান রক্ষায় এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার লক্ষ্যে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরিতে অভিযোগ দায়ের করেছেন সাংবাদিক কামরুল ইসলাম।








