রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২০:৪৩

মা ইলিশ রক্ষায় ৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে মৎস্য মন্ত্রীর চিঠি

স্টাফ রিপোর্টার।।
মা ইলিশ রক্ষায় ৩৮ জেলার ১১১ সংসদ সদস্যকে মৎস্য মন্ত্রীর চিঠি

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করা এবং মাঠপর্যায়ে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরসহ ৩৮টি জেলার ১১১ জন সংসদ সদস্য (এমপি)কে আধা-সরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়। পত্রে প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় স্থানীয় জনপ্রতিনিধিদের সক্রিয় সহযোগিতা কামনা করেন মন্ত্রী।

ডিও লেটারে মন্ত্রী উল্লেখ করেন, জাতীয় মৎস্যসম্পদ এবং ভৌগোলিক নির্দেশক (জিআই) সনদপ্রাপ্ত পণ্য ইলিশ আমাদের অর্থনীতি, কর্মসংস্থান, পুষ্টি নিরাপত্তা ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিতকরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সম্পদ টিকিয়ে রাখতে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, এই অভিযান চলাকালে নির্ধারিত প্রজনন এলাকায় সব ধরনের মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ। একই সঙ্গে সারাদেশে ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় আইনত দণ্ডনীয় অপরাধ। ইলিশের বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখা এবং ভবিষ্যতে এর প্রাপ্যতা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, মা ইলিশ সংরক্ষণের মতো জাতীয় কর্মসূচির সফলতা কেবল আইন প্রয়োগকারী সংস্থা বা মৎস্য অধিদপ্তরের ওপর নির্ভর করে না। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি।

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মী এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির অনুরোধ জানান মন্ত্রী। পাশাপাশি জেলেদের আইন মেনে চলতে উৎসাহিত করা এবং অবৈধভাবে ইলিশ শিকার বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়