শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২০:৩৪

হাজীগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের কম্পিউটার অপারেটর ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত

হাজীগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত কম্পিউটার অপারেটর সাখাওয়াত হোসেন রনি (২৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মোটরসাইকেলযোগে চট্টগ্রাম থেকে হাজীগঞ্জে ফেরার পথে ফেনী সীমান্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিনি এই দুর্ঘটনার শিকার হন। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি চাঁদপুর সদর উপজেলার ৫ নম্বর রামপুর ইউনিয়নের মনিহার গ্রামের আজিজ মাস্টার বাড়ির মৃত আমিনুল হকের ছোট ছেলে।

নিহতের ফুফা মোজবাহ উদ্দিন জানান, রনি পরিবারে দুই ভাই ও চার বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সম্প্রতি তার স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদ ঘটে। তার কোনো সন্তান নেই। রোববার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে। হাজীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী (এসও) মো. আবু হানিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “শনিবার আমাদের অফিস খোলা ছিলো। সকালে একটি দরকারি নথির বিষয়ে কথা বলতে রনিকে ফোন করি। সে জানায়, চট্টগ্রাম আছে এবং অফিস যে খোলা ছিলো তা তার জানা ছিল না। এরপর ফাইলের অবস্থান বুঝিয়ে দিয়ে রনি বলে— ‘স্যার, আমি দ্রুত চলে আসছি’।”

উপ-সহকারী প্রকৌশলী আরও জানান, “দুপুরের কিছু পরে রনির ব্যবহৃত মুঠোফোন থেকে অজ্ঞাত এক ব্যক্তি আমাকে ফোন দেন। ডায়াল কলে আমার নম্বর পেয়ে তিনি জানান, রনি গুরুতর দুর্ঘটনার শিকার হয়ে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন এবং তাকে দ্রুত ঢাকা বা চট্টগ্রামে রেফার করতে হবে। বিষয়টি তাৎক্ষণিক ফেনীতে কর্মরত রনির এক ফুফাতো ভাইকে জানাই। সে হাসপাতালে পৌঁছে রনিকে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে সীতাকুণ্ডে তার মৃত্যু হয়।”

মনিহার ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য আবুল বাসার জানান, রনি ফেনীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার মরদেহ চট্টগ্রাম থেকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়