সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা

বিচারকদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা, কোর্ট বর্জন প্রত্যাহার করে বিচারিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত

আদালত প্রতিবেদক
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভা
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির জরুরি সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখছেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির এক জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু।

সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু বলেন, "আমি সর্বপ্রথমে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত জরুরি সাধারণ সভায় যে তিনটি কোর্ট বর্জনের আহ্বান জানানো হয়েছিল, আপনারা সবাই তাতে সাড় দিয়ে বর্জন কর্মসূচির সঙ্গে একমত পোষণ করেছিলেন। এজন্য সমিতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।"

কোর্ট বর্জন প্রত্যাহারের পটভূমি তুলে ধরে তিনি বলেন, "উপস্থিত উদ্ভূত সমস্যাগুলো নিয়ে আমরা চাঁদপুরের জেলা ও দায়রা জজের সঙ্গে একাধিকবার আলোচনায় বসেছি। আমরা তাঁদের বক্তব্য শুনেছি এবং আমাদের অবস্থানও পরিষ্কার করেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের যৌক্তিক দাবি-দাওয়াগুলো তাঁরা মেনে নেননি, ততক্ষণ পর্যন্ত আলোচনা অব্যাহত ছিলো।"

তিনি আরও বলেন, "সর্বশেষ আজ চাঁদপুরের জেলা ও দায়রা জজের নেতৃত্বে সকল বিচারিক কর্মকর্তা আমাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে আইনজীবীদের সকল দাবি-দাওয়া তুলে ধরা হলে গুরুত্বের সঙ্গে আলোচনা শেষে তা মেনে নেওয়া হয়।"

আইনজীবী সমিতির সভাপতি বলেন, "বিভিন্ন কোর্টে আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ বন্ধ এবং বার ও বেঞ্চের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিচারকদের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হওয়ায় আমরা পূর্বের ন্যায় পুনরায় সকল বিচারিক কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। ওই তিনজন বিচারকসহ সকল আদালতের বিচারিক কার্যক্রমে আইনজীবীরা নিয়ম অনুযায়ী অংশ নেবেন।"

এ সময় পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি আইনজীবীদের উদ্দেশে বলেন, "আদালতে আমাদেরও সুন্দর পরিবেশ বজায় রাখতে হবে। সকল বিচারকের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও পারস্পরিক সম্মান বজায় রেখে পেশাগত দায়িত্ব পালন করতে হবে।"

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাকির হোসেন তালুকদারের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— জেলা জজ আদালতের পি‌পি অ্যাডভোকেট কোহিনুর বেগম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সেলিম আকবর, অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও অ্যাডভোকেট বাবর বেপারী।

সভায় সমিতির সাধারণ সদস্য ও আইনজীবীগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়