শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭

শাহরাস্তিতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যু

শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) রাত ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওয়ার্ডে ওই রোগীর মৃত্যু ঘটে।

জানা গেছে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির আক্তার হোসেনের স্ত্রী হাজেরা বেগম (৪২) বৃহস্পতিবার রাত ৮ টায় লিভারের সমস্যা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। শুক্রবার রাত ১১ টার দিকে ওই রোগীর অবস্থা সংকটাপন্ন হলে কর্মরত চিকিৎসক ডা. প্রিয়াংকাকে দেখার অনুরোধ করেন রোগীর স্বামী আক্তার হোসেন। ওইসময় কর্মরত চিকিৎসক রোগী না দেখে তার কক্ষে মোবাইল স্ক্রলিং করতে থাকেন। রোগীর স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন চিকিৎসক। ওই রোগীর স্বামী একার পক্ষে রোগীকে ডাক্তারের কক্ষে আনা সম্ভব নয় জানালে ডাক্তার রোগীকে অক্সিজেন দেয়ার পরামর্শ দেন। এরপর রাত ১২ টায় যথাযথ চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু ঘটে।

হাজেরা বেগমের মৃত্যুর পর স্বজনদের আহাজারিতে হাসপাতালের পরিবেশ ভারী হয়ে ওঠে। তারা কর্মরত চিকিৎসককে দায়ী করে প্রতিবাদ জানান। সংবাদ পেয়ে শাহরাস্তি থানা পুলিশ হাসপাতালে ছুটে আসেন।

রোগীর স্বামী আক্তার হোসেন জানান, তার স্ত্রী দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। ডাক্তারকে বার বার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে না এসে নিজ কক্ষে মোবাইল টিপছিলেন। তিনি রোগী দেখে চিকিৎসা দিলে এ ঘটনা ঘটতো না। তিনি কর্মরত ডাক্তারের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত চিকিৎসক ডা. প্রিয়াঙ্কার বক্তব্য নিতে গেলে হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট ডা. জয়ন্ত মালাকার নিজেকে একজন ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে রয়েছেন দাবি করে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন। ডাক্তারের কর্তব্যে অবহেলা সংক্রান্ত বিষয়ে রোগীর স্বজনদের অভিযোগের বিষয়ে অভিযুক্ত চিকিৎসকের সকল বিষয়ে তিনি দায় নেবেন এবং অভিযুক্ত চিকিৎসকের পক্ষ থেকে তিনি সব ধরনের বক্তব্য দেবেন বলে জানান। কথোপকথনের এক পর্যায়ে তিনি জানান, এই রোগীর আইসিউ সাপোর্ট প্রয়োজন ছিলো। লিভারের জটিল রোগীর চিকিৎসা এখানে সম্ভব নয়।

শাহরাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু নাছের শাকিল মুঠোফোনে জানান, কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়