প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৭
হাজীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
চার প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা, ধ্বংস করা হলো মেয়াদহীন শিশুখাদ্য

হাজীগঞ্জ বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য ধ্বংস করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) হাজীগঞ্জ উপজেলার ট্রাক রোড এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
|আরো খবর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উৎপাদন ও মেয়াদের তারিখহীন খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে বাজারজাত করা খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি এবং অনুমোদনহীন নিম্নমানের খাদ্যপণ্য বিক্রির অপরাধে 'মা মনিহারি স্টোর'কে ৫ হাজার টাকা, 'আলবি প্যাকেজিং হাউজ'কে ৫ হাজার টাকা এবং 'আরা বিস্কুট হাউজ'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বিদেশি পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকায় 'সোহেল সাজ স্টোর'কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে মোট চারটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানসংশ্লিষ্টরা জানান, জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা পরিশোধ করেন। এ সময় মেয়াদহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশুখাদ্য ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার বিষয়ে প্রতিষ্ঠানগুলোর মালিকরা অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। একই সঙ্গে ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে হাজীগঞ্জ উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভেজাল, অননুমোদিত ও নিম্নমানের খাদ্যপণ্য এবং অন্যান্য ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








