প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৫
মতলবে অগ্নিকাণ্ডে দু সহোদরের বসতঘর পুড়ে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দু সহোদরের বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৭ থেকে ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
|আরো খবর
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বেলা ১১টায় ইউনিয়নের মধ্য নওগাঁ হাজী মার্কেট সংলগ্ন ঢালী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জুয়েল ঢালীর বসতঘর থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখে বাড়ির লোকজন চিৎকার শুরু করেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং পাশে থাকা বড় ভাই ফারুক ঢালীর (৪০) ঘরটিকেও গ্রাস করে। এতে দু ভাইয়ের বসতঘরসহ ভেতরের সব আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
সংবাদ পেয়ে মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে আশপাশের অন্য ঘরবাড়ি রক্ষা পেলেও আগুনের তীব্রতা বেশি থাকায় ক্ষতিগ্রস্ত দু ভাইয়ের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।
পেশায় রাজমিস্ত্রি জুয়েল ঢালী এবং ক্ষুদ্র চা-দোকানি ফারুক ঢালীর সবকিছু হারিয়ে তাদের পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মেহেদী হাসান তুহিন জানান, “খবর পাওয়ার ১৫ মিনিটের মধ্যে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে দুটি ঘর পুড়ে গিয়ে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।”








