প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ২২:০৭
ফরিদগঞ্জে প্রিমিয়ার সিমেন্টের জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শেষ হলেও তার রেশ যেনো এখনো কাটেনি। সেই উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে ফরিদগঞ্জে জমজমাট এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে প্রিমিয়ার সিমেন্ট কোম্পানী। বুধবার (১২ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ এআর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হয় প্রিমিয়ার সিমেন্টের দুই রিটেইলার দল ফরিদগঞ্জ উপজেলা রিটেইলার টিম এবং চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সমন্বয়ে গঠিত রিটেইলার টিম। সারাদিন কর্মব্যস্ততার মধ্য দিয়ে দেশ ও সমাজের অর্থনীতিতে অবদান রাখা এই কর্মজীবী মানুষগুলো এদিন মেতে ওঠেন ফুটবলের আনন্দে। মাঠে তাদের অনেকের অসাধারণ ফুটবল নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্স উপস্থিত দর্শকদেরও মুগ্ধ করে। শুরু থেকেই দু দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াই। একাধিকবার গোলের সুযোগ তৈরি হলেও কোনো দলই নির্ধারিত সময়ে বল জালে জড়াতে পারেনি। ফলে গোলশূন্য ড্রতেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এরপর ম্যাচের ফল নির্ধারণে গড়ায় উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে। সেখানে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ৩-১ গোলে জয় তুলে নেয় ফরিদগঞ্জ উপজেলা রিটেইলার টিম। আর রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার সমন্বয়ে গঠিত রিটেইলার টিম। খেলা শেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ লেখক ফোরামের প্রতিষ্ঠাতা ও ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, ফরিদগঞ্জ প্রেস ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, ফরিদগঞ্জ পৌরসভার ইঞ্জিনিয়ার মো. আল আমিন, কবি ও লেখক কেএম নজরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষক মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
|আরো খবর







