বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০২:৫১

নির্লিপ্ত প্রশাসন ও ট্রাফিক বিভাগ

হাজীগঞ্জসহ সন্নিহিত এলাকার সড়কে বেপরোয়া বালুবাহী ডাম্প ট্রাক!

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জসহ সন্নিহিত এলাকার সড়কে বেপরোয়া বালুবাহী ডাম্প ট্রাক!

১০ চাকার ডাম্প ট্রাকগুলো সড়কে বেপরোয়াভাবেই চলাচল করছে। কখনও বালু পরিবহনে ওভারলোড অবস্থায়, কখনও খালি, তবে গতি কিন্তু বরাবর বেপরোয়া। এর মাঝে ছোট দুর্ঘটনাগুলো কখনও সংবাদ হয়, কখনও সংবাদ হয় না। বড় দুর্ঘটনাগুলোতে দায়ী ট্রাককে পুলিশ আটক দেখায়, ক'দিন পরে ছাড়িয়ে নেয়া হয়, ব্যস এটুকুই।

এভাবেই দিনের পর দিন, বছরের পর বছর ডাম্প ট্রাকগুলো সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এমনটি হাজীগঞ্জ শুধু নয়, সন্নিহিত শাহরাস্তিসহ অন্যান্য উপজেলায়ও কম-বেশি দেখা যাচ্ছে। বেপরোয়া ডাম্প ট্রাকে মানবজীবন যে মূল্যহীন তা মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) শাহরাস্তির বানিয়াচোঁ এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষই বড় প্রমাণ বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, ১০ চাকার ট্রাকগুলো ভারত থেকে আমদানি করা। এগুলো মূলত সড়ক উন্নয়নে মালামাল পরিবহনের কাজে ব্যবহার হতে দেখা যায়। কিন্তু এই ডাম্প ট্রাকগুলো এখন বালু পরিবহনের প্রধান বাহনে পরিণত হয়েছে।

সরজমিনে দেখা যায়, হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের হাজীগঞ্জ সেতুর দক্ষিণ পাড়ে প্রায় অর্ধশত বালুমহালের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া হাজীগঞ্জ বাজারের পূর্বদিকে টোরাগড় হামিদিয়া জুট মিল থেকে শুরু করে আলীগঞ্জ, এনায়েতপুর, আর বাজারের পশ্চিম দিকে খাটরা বিলওয়াই মিলিয়ে এ অঞ্চলে রয়েছে শতাধিক বালু মহাল। এসব মহালের বেশিরভাগ মালিকের বালু পরিবহনের জন্য ডাম্প ট্রাক ব্যবহার করা হয়।

খোঁজ নিয়ে আরো জানা যায়, হাজীগঞ্জের বালু মহালগুলো থেকে ডাম্প ট্রাকে করে কুমিল্লার লাকসাম পর্যন্ত বালু নেয়া হয়। এছাড়া হাজীগঞ্জের বালু রামগঞ্জ, কচুয়াসহ বিভিন্ন এলাকায় পাইকারি বিক্রি করা হয়। ছোট ছোট ট্রাক ছাড়া বালু পরিবহনের মূল বাহন হলো ১০ চাকার এই ডাম্প ট্রাক। এগুলোর বালু পরিবহনকালে কোনোটিতে কখনও নামে মাত্র ত্রিপল দেয়া হয়, কোনোটিতে কোনো ত্রিপল দেয়া হয় না। সব মিলিয়ে এসব ট্রাক অতিরিক্ত বালু নিয়ে বেপরোয়া গতিতে সড়কে চলাচল করছে। যা দেখার কেউ নেই।

সরজমিনে আরো দেখা যায়, এসব ডাম্প ট্রাক যখন সড়কে ব্রেক কষে, তখন সড়কের সংশ্লিষ্ট অংশে কম্পনের পাশাপাশি স্প্রিং করে ওঠে। সবচে' আশ্চর্যের বিষয়, এর অধিকাংশেরই কোনো রেজিস্ট্রেশন বা নিবন্ধন নেই।

ডাম্প ট্রাকের বিষয়ে পথচারীরা জানান, ট্রাকগুলোতে বেশি করে বালু পরিবহনের জন্যে এর বডির উপরে স্টীলের প্লেটবার দিয়ে বেআইনীভাবে বড়ি উঁচু করে বাড়ানো হয়ে থাকে। কোনো গাড়ি যদি ২০ টন বালু পরিবহনের ক্ষমতা রাখে, সেখানে বডি উঁচু করে আরো ৫ টন বেশি বালু পরিবহন করা হয়ে থাকে। এসব ওভারলোডেড ডাম্প ট্রাক দিনের পর দিন সড়কে চলার কারণে দুর্ঘটনার পাশাপাশি সড়কগুলো লেপ্টে যাচ্ছে। যার বড় প্রমাণ হাজীগঞ্জ-রামগঞ্জ সড়ক এবং হাজীগঞ্জ-শাহরাস্তি সড়ক অংশ।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন জানান, এ জাতীয় গাড়িগুলোর উপরে সহসাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়