প্রকাশ : ৩০ জুন ২০২৬, ২০:৪৬
মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসায় দোয়া ও বার্ষিক ক্রীড়া
মাদ্রাসাটি সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার কারিগর
---অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন

মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের জন্যে দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) মাদ্রাসার হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। তিনি বলেন, তোমাদের হাতে সময় আর বেশি নেই। যে ক'দিন আছে তার সর্বোচ্চ সঠিক ব্যবহার করতে হবে। তোমরা দেশসেরা ফলাফল উপহার দিয়ে তোমাদের পরিবার, সমাজ ও দেশ গঠনে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখবে।
|আরো খবর
তিনি আরো বলেন, মতলব মাদ্রাসাটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি সৎ ও দেশপ্রেমিক নাগরিক গড়ার কারিগর। আমাদের শিক্ষার্থীরা বরাবরের মতোই এবারও মেধার শীর্ষস্থান ধরে রাখবে এবং দেশ ও জাতির ক্রান্তিলগ্নে আলো ছড়াবে বলে আমার বিশ্বাস। অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মোবাইলের ব্যবহার কমাতে হবে। কোনোভাবেই মাদ্রাসায় মোবাইল আনা বা চালানো যাবে না।
মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক আবুল হাসানাতের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম ইশমাম। আরও বক্তব্য রাখেন মতলব পৌরসভার ইঞ্জিনিয়ার মো. ফেরদাউস, মাদ্রাসার সহকারী অধ্যাপক জিয়াউল হক খান, সহকারী অধ্যাপক মো. ইয়াছিন প্রধানীয়া প্রমুখ।
পরে মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া মাহফিল ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পরীক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য, সুস্বাস্থ্য এবং দেশ ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসেন। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।







