সোমবার, ২৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুন ২০২৬, ১৭:০২

খেলা দেখা বন্ধ করে জানাজায় অংশ নিলেন ফুটবলপ্রেমীরা

বিশেষ প্রতিনিধি ॥
খেলা দেখা বন্ধ করে জানাজায় অংশ নিলেন ফুটবলপ্রেমীরা

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বড়ো পর্দায় ফুটবল খেলা উপভোগ করতে এসে এক ব্যতিক্রমী মানবিক ও ধর্মীয় দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন শতাধিক ফুটবলপ্রেমী। আর্জেন্টিনার খেলা দেখার উত্তেজনার মাঝেও তারা খেলা বন্ধ রেখে অংশ নেন এক মৃত ব্যক্তির জানাজার নামাজে।

রোববার (২৮ জুন ২০২৬) সকালে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মোশারফ ফাউন্ডেশনের উদ্যোগে বিশাল এলইডি স্ক্রিনে আর্জেন্টিনা বনাম জর্ডানের খেলা প্রদর্শন করা হচ্ছিলো। খেলা চলাকালে মাঠের একপাশে অবস্থিত চিশতিয়া জামে মসজিদের সামনে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজের প্রস্তুতি শুরু হয়।

পরিস্থিতি অনুধাবন করে আয়োজকরা তাৎক্ষণিকভাবে এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শন বন্ধ করে দেন এবং উপস্থিত সবাইকে জানাজার নামাজে অংশগ্রহণের আহ্বান জানান। শুধু তাই নয়, জানাজার নামাজ আদায়ের সুবিধার্থে খেলা আয়োজনের জন্যে ব্যবহৃত মাইক্রোফোনও জানাজা পরিচালনার জন্যে প্রদান করা হয়।

আয়োজকদের আহ্বানে সাড়া দিয়ে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি ও ফুটবলপ্রেমীরা খেলা দেখা বন্ধ রেখে জানাজার নামাজে শরিক হন। জানাজাশেষে পুনরায় এলইডি স্ক্রিনে খেলা প্রদর্শন শুরু হয়।

মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য বলেন, খেলাধুলার আনন্দের পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার প্রতিও আমরা সমান গুরুত্ব দিয়ে থাকি। তাই জানাজার নামাজ শুরু হওয়ার আগেই এলইডি স্ক্রিন বন্ধ করে উপস্থিত সবাইকে জানাজায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পাশের শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম চলমান থাকায় মাঠে সকল ধরনের আতশবাজি, হৈহুল্লোড় ও উচ্চস্বরে স্লোগান দেওয়া থেকেও বিরত থাকা হয়েছে।

উপস্থিত অনেকেই আয়োজকদের এ উদ্যোগের প্রশংসা করেন। তাদের মতে, খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও ধর্মীয় দায়িত্ব ও সামাজিক মূল্যবোধের প্রতি সম্মান প্রদর্শন করা সবার নৈতিক দায়িত্ব। আয়োজকদের এ উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়