বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০৯:২২

অধ্যক্ষ মাওলানা আ ন ম মুহিবুল্লাহর ইন্তেকাল

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
অধ্যক্ষ মাওলানা আ ন ম মুহিবুল্লাহর ইন্তেকাল

ফরিদগঞ্জের চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আ ন ম মুহিবুল্লাহ নোমান ইন্তেকাল করেছেন। তিনি বুধবার দিবাগত রাতে চাঁদপুর শহরের বাসায় হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত চিকিৎসার জন্যে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়। সেখানে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করাতে না পেরে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেয়ার পথে বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল পৌনে ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৫ বছর। তিনি স্ত্রী ও তিন পুত্রসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মাওলানা মুহিবুল্লাহ ছিলেন চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ ঐতিহাসিক বেগম জামে মসজিদের সাবেক খতিব, প্রখ্যাত বুজুর্গানে দ্বীন মাওলানা মোহাম্মদ রুহুল্লার মেজো ছেলে এবং চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাবেক সম্পাদক, চাঁদপুর কণ্ঠের বার্তা সম্পাদক, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের প্রার্থী মাওলানা এএইচএম আহসান উল্লাহর মেজো ভাই। তিনি দীর্ঘদিন ধরে চাঁদপুর সরকারি কলেজের শেরে বাংলা ছাত্রাবাস মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্বপালন করে আসছিলেন। তাঁর মৃত্যুর সংবাদে চাঁদপুর শহরে শোকের ছায়া নেমে আসে।

গতকাল সন্ধ্যার পর মাওলানা মুহিবুল্লাহকে হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের বাড়িতে বাবা-মায়ের কবরের পাশে তৃতীয় জানাজাশেষে সমাহিত করা হয়। তার আগে আরো দুটি জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর সুদীর্ঘ সময়ের কর্মস্থল ফরিদগঞ্জের চান্দ্রা সামাদিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ইমাম আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বেলা আড়াইটায় প্রথম জানাজা এবং চাঁদপুর শহরের তালতলাস্থ মাইক্রো স্ট্যান্ডে বাদ আসর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

তিনটি জানাজা ও দাফন

মাওলানা আ ন ম মুহিবুল্লাহর প্রথম নামাজে জানাজা চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়, যেখানে ইমামতি করেন মাওলানা শিব্বির আহমাদ। দ্বিতীয় জানাজা হয় চাঁদপুর মাইক্রো স্ট্যান্ডে। এখানে ইমামতি করেন হাশিমপুর দরবার শরীফের পীর সাহেব আল্লামা শায়খ আশফাক আহমাদ। শেষ জানাজা মরহুমের গ্রামের বাড়ি হাজীগঞ্জের পশ্চিম রাজারগাঁও গ্রামে। এখানে ইমামতি করেন মরহুমের মেজো ছেলে মাওলানা সিরাজুম মনির। জানাজার পর মিলাদ কিয়াম পরিচালনা করেন মরহুমের ভাগিনা আওলাদে রাসুল সাইয়েদ মাখদুম শাহ আল-মাদানী। দোয়া মুনাজাত করেন মরহুমের খালাতো ভাই মাওলানা মাসউদ হোসাইন আল-কাদেরী। আলোচনা করেন রাজারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান। সবশেষে মরহুমের বাবা-মায়ের কবরের পাশে তাঁকে সমাহিত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়