বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ জুন ২০২৬, ২২:৩৬

বালিথুবায় চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে এলাকাবাসী

এমরান হোসেন লিটন।।
বালিথুবায় চলাচলের রাস্তা বন্ধ করায় বিপাকে এলাকাবাসী

ফরিদগঞ্জ উপজেলার ২নং বালিথুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বালিথুবা গ্রামের ঠাকুরবাড়ির লোকজনের চলাচলের পথ টিন এবং কাঠ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ইউনিয়নের বালিথুবা গ্রামের মানুষ। প্রায় এক কিলোমিটার ঘুরে স্থানীয় বাজারে এবং ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে আসা-যাওয়া করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয় ঠাকুরবাড়ির যৌথ কবরস্থান ব্যবহার করতে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। যার কারণে ওই বাড়ির মানুষ এবং এলাকাবাসী বর্তমানে চরম অস্বস্তিতে আছে। এ বিষয়ে বুধবার (২৪ জুন ২০২৬) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দাখিল করা হয়েছে।

বুধবার (২৪ জুন ২০২৬) সরাসরি ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মোজাম্মেল গাজী কোনো রকম কারণ ছাড়াই শত বছরের পুরানো পথে টিন এবং কাঠ দিয়ে বেড়া দিয়ে রেখেছেন। নূর মোহাম্মদ (৭৫), অলিউল্লাহ (৮৫), রশিদ উকিল (৮০), ইমাম হোসেন (৩২), চাঁদ মিয়া (৬৫), মানিক পাঠান (৪৫)সহ এলাকার আরো অনেকে জানান, এই পথটি শত বছরের পুরানো একটি পথ। এই পথটি ব্যবহার করে এলাকার মানুষজন বালিথুবা বাজারে যেতো। এলাকার ছাত্র-ছাত্রীরা বালিথুবা হাই স্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে যেতে এই পথটি ব্যবহার করতো। এছাড়া ঠাকুরবাড়ির এজমালি কবরস্থান ব্যবহার করার জন্যে লাশ নিয়ে যেতে হলে এই পথ ব্যবহার করতে হয়। তারা আরও বলেন, গত এক সপ্তাহ যাবত মোজাম্মেল গাজী এই পথটি বন্ধ করে দেয়ার কারণে এলাকার শত শত মানুষ এবং কোমলমতি শিক্ষার্থীরা অনেক ভোগান্তির শিকার হচ্ছে। তাদের দাবি, মোজাম্মেলের এই পথে ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। কিন্তু তিনি এই পথ বন্ধ করে কেনো এখানে পাকঘর (রান্নাঘর) করতে চাইছেন তা এলাকাবাসীর বোধগম্য নয়।

বিষয়টি নিয়ে মোজাম্মেল গাজীর সাথে কথা হলে তিনি বলেন, তিনি কারো পথ বন্ধ করেননি। ওটা তার ব্যক্তিগত সম্পত্তি। তাই সেখানে তিনি পাকের ঘর করার জন্যে এই পথ বন্ধ করেছেন। এছাড়া মানুষজন চলাচলের জন্যে তিনি অন্যদিক দিয়ে পথ রেখেছেন বলে জানান। তিনি আরো বলেন, বাড়ির মানুষজন তাদের সাথে ভালো ব্যবহার করেননি। তাই তিনি পথ বন্ধ করতে বাধ্য হয়েছেন।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগকারী মো. ইমাম হোসেন বলেন, এই রাস্তাটি বন্ধ করে দেয়ার কারণে বালিথুবা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বালিথুবা গ্রামের ঠাকুরবাড়ির ১৫ থেকে ২০টি পরিবারসহ অত্র এলাকার কয়েকশ' মানুষ ও কোমলমতি শিক্ষার্থী এবং পথচারীরা বাজার ও স্কুলে যেতে ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। মোজাম্মেল গাজী আমাদের বাড়ির লোক। কিন্তু তিনি কাউকে কোনোরকম তোয়াক্কা না করে তার পারিবারিক স্বার্থের জন্যে এই পথটি বন্ধ করে দেন। তিনি আরো বলেন, গত এক সপ্তাহ যাবত আমরা এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান, মেম্বার এবং এলাকার গণ্যমান্য মানুষের দ্বারে দ্বারে এই রাস্তাটির বিষয়ে বারবার গিয়েছি। চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় মান্যগণ্য ব্যক্তিরা মোজাম্মেলকে রাস্তার বেড়া তুলে দেয়ার জন্যে বলেছেন। কিন্তু তিনি কারো কথা তোয়াক্কা করেননি। তাই বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ করেছি। তার বিশ্বাস, এলাকাবাসীর এই দুর্ভোগ দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যবস্থা নেবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়