প্রকাশ : ২২ জুন ২০২৬, ২২:২৪
বিশ্বকাপ ফুটবল-২০২৬
নান্দনিক পাসিং ও গতিময় আক্রমণনির্ভর খেলা উপহার দিচ্ছে জার্মানি
----ইবনাল শাহিন আহমেদ শিপন

কোনো নির্দিষ্ট তারকার ওপর নির্ভর না করে, দলের সবাই মিলে আক্রমণ ও গোল করার সক্ষমতা রাখে জার্মানি ফুটবল দল। জার্মানি ফুটবল দলের খেলা মূলত নিখুঁত কৌশল, দলবদ্ধ প্রচেষ্টা এবং গতিশীলতার জন্যে পরিচিত। বর্তমানে আধুনিক ফুটবলে নান্দনিক পাসিং ও গতিময় আক্রমণনির্ভর খেলা উপহার দিচ্ছে জার্মানি। ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী এই দলটি বিশ্বমঞ্চে সবসময়ই তাদের সুশৃঙ্খল ও নান্দনিক কৌশলের জন্যে প্রশংসিত হচ্ছে বলে জানান মতলব উত্তর উপজেলার বালুচর গ্রামের ক্রীড়া সংগঠক ইবনাল শাহিন আহমেদ শিপন।
|আরো খবর
তিনি জার্মানি ফুটবল দলের সমর্থক। স্ত্রী, মেয়ে সুবহা হসবি সাবা ও ছেলে সাঈদ হাসান ইসমামও তাঁর সমর্থিত জার্মানির সমর্থক। শুধু দলের সমর্থনই নয়, জার্সি পরে ও পতাকা বহন করে ছেলে-মেয়েকে নিয়ে ঘুরে বেড়ান জার্মানি সমর্থকদের মন চাঙ্গা রাখতে।
ইবনাল শাহিন আহমেদ শিপন বলেছেন, জার্মানি ফুটবল দলের খেলা মূলত নিখুঁত কৌশল, দলবদ্ধ প্রচেষ্টা এবং গতিশীলতার জন্যে পরিচিত। লং পাস খেলার কারণে জার্মানি দলকে পছন্দ করি। আমাদের একক কোনো তারকা খেলোয়াড় নেই, সবাই সমান তারকা খেলোয়াড়। তাই আমি আশাবাদী, জার্মানি চ্যাম্পিয়ন হবে।
'আপনার পছন্দের দল ও বিশ্বকাপ ফুটবল নিয়ে কতটুকু আশাবাদী' এমন প্রশ্নে তিনি বলেন, আমার পছন্দের দল জার্মানি। তারপরও চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। সেই জড়তা কাটিয়ে নতুন উদ্যমে নতুনদেরকে নিয়ে ফাইনালে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে ৫ম বার বিশ্ব চ্যাম্পিয়ন হতে চায় টিম জার্মানি।








