প্রকাশ : ০৪ জুন ২০২৬, ২১:০৪
প্রচণ্ড দাবদাহে শ্রমজীবী মানুষের পাশে মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি
দেড় হাজার ক্যাপ বিতরণ

তীব্র দাবদাহ ও অসহনীয় গরমে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ নিয়েছেন চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী আক্তার হোসেন মাঝি। রাস্তায় দিনের পর দিন রোদে পুড়ে জীবিকা নির্বাহ করা রিকশা ও ভ্যান চালকদের মাঝে তিনি প্রায় দেড় হাজার ক্যাপ বিতরণ করেছেন।বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ঘুরে তিনি নিজ হাতে শ্রমজীবী মানুষের মাঝে ক্যাপ বিতরণ করেন। এ সময় রিকশা ও ভ্যান চালকদের সঙ্গে কুশল বিনিময় করে তাদের খোঁজখবর নেন এবং চলমান তীব্র গরমে সতর্ক থাকার পরামর্শ দেন।
|আরো খবর
জানা যায়, চাঁদপুর শহরের শপথ চত্বর, ওয়ান মিনিট মোড়, বাসস্ট্যান্ড, ছায়াবাণী মোড়, চিত্রলেখা মোড়, মিশন রোড, পালবাজার ব্রিজের গোড়া, নতুন বাজার ও বিপণীবাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রায় দেড় হাজার ক্যাপ বিতরণ করা হয়।
এ সময় আক্তার হোসেন মাঝি বলেন, প্রচণ্ড গরমে সবচেয়ে বেশি কষ্ট করেন আমাদের রিকশা ও ভ্যান চালক ভাইয়েরা। সারাদিন রোদে পুড়ে জীবিকার তাগিদে কাজ করতে হয় তাদের। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করার উদ্দেশ্যে এই সামান্য উদ্যোগ গ্রহণ করেছি। মানুষের পাশে থাকা আমার দায়িত্ব ও নৈতিক কর্তব্য।
তিনি আরও বলেন, আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করি। সমাজের অসহায় ও শ্রমজীবী মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
মানবিক এই কর্মসূচিতে আক্তার হোসেন মাঝির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁর এই উদ্যোগ শহরজুড়ে ইতিবাচক সাড়া ফেলেছে এবং শ্রমজীবী মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে।







