প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২১:১১
চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে মেথা রোডের আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ শুরু

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে অবশেষে চাঁদপুর শহরের মেথা রোডের গুরুত্বপূর্ণ অংশ এসবি খালের ওপর আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজ শুরু হয়েছে।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) বিকেলে ডাবল ভেন্ট আরসিসি বক্স কালভার্ট নির্মাণের লে-আউট প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক অ্যাড. একেএম সলিম উল্যা সেলিম।
আরো উপস্থিত ছিলেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও চাঁদপুর জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কুহিনূর বেগম, এপিপি নুরজাহান বেগম মুক্তা, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শাহাদাত হোসেন চৌধুরী, নবাগত সহকারী প্রকৌশলী হুসাইন আহমেদ খান, ঠিকাদার প্রতিষ্ঠান সাব্বির কর্পোরেশনের প্রতিনিধিসহ অন্যরা।
প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে জেলা বিএনপির পুরাতন কার্যালয়ের স্থান দিয়ে মেথারোড-জেএম সেনগুপ্ত রোড সংযুক্ত রাস্তায় এসবি খালের উপর এই বক্স কালভার্টটি নির্মিত হচ্ছে।
এই কাজের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ সড়ক মেথা রোডের অবকাঠামো উন্নয়ন ও নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার কাজ চলমান রয়েছে।এ কালভার্ট নির্মাণের উদ্দেশ্য হচ্ছে, পাকা রাস্তার স্থায়িত্ব বৃদ্ধি, বন্যার পানি নিষ্কাশন এবং যাতায়াত ব্যবস্থা উন্নত করা। এই প্রকল্প বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং বৃষ্টির পানি নিষ্কাশনে সুবিধা হবে।








