প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ২১:৪৬
হাইমচরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

শনিবার (১৪ মার্চ ২০২৬) হাইমচর উপজেলায় ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সমন্বিত কর্মসূচির অংশ হিসেবে ব্যাপক সচেতনতামূলক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।
সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। অভিযানটি উপজেলা প্রাঙ্গণ এবং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তার পাশে জমে থাকা পানি অপসারণ, ঝোপঝাড় পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমিত রায়ের নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ গাজী, যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন আখন, আবু তাহের সরদার এবং সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল ও হাইমচর প্রেসক্লাবের নেতৃবৃন্দ। এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন’-এর একঝাঁক সদস্য এই কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেন।
অভিযান চলাকালীন বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও পারিবারিক সচেতনতার কোনো বিকল্প নেই। বিশেষ করে বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে না দেয়া অত্যন্ত জরুরি।
বক্তারা আরও জোর দিয়ে বলেন, কেবল প্রশাসনের একার পক্ষে নয়, বরং জনসাধারণের সম্মিলিত উদ্যোগেই একটি ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। পরিচ্ছন্নতা অভিযান শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে কর্মসূচিটি সমাপ্ত হয়।








