প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১২
দৈনিক নয়া প্রভাত সম্মাননা পেলেন তিন গুণী ব্যক্তি

দৈনিক নয়া প্রভাতের আত্মপ্রকাশ ও সম্মাননা অনুষ্ঠানে সাংবাদিকতা ও মানবিক কাজের স্বীকৃতি হিসেবে তিনজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬ ) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি মনোনীত চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সম্মাননাপ্রাপ্তদের হাতে সম্মাননাপত্র ও স্মারক তুলে দেন।
|আরো খবর
সম্মাননাপ্রাপ্তরা হলেন : যাঁর হাতে খড়িতে চাঁদপুরের সাংবাদিকতার জগতে অনেক কর্মদক্ষ সাংবাদিক সৃষ্টি হয়েছে,
চাঁদপুরের প্রবীণ সাংবাদিক ও দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, করোনাকালীন সময়ে মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্যে করোনাকালীন স্বেচ্ছাসেবক টিমের প্রধান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সাবেক সভাপতি শেখ মো. জয়নাল আবেদীন এবং পরিচ্ছন্ন নগর গঠনে ভূমিকার জন্যে 'ক্লিন চাঁদপুরে'র প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ। তবে তৃতীয় সংবধিত অতিথি বিশেষ কাজে অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় তাঁর সম্মাননা ক্রেস্টটি তাঁর বড় ভাই সাংবাদিক আলম পলাশের হাতে তুলে দেয়া হয়।
সম্মাননাপ্রাপ্ত গুণী ব্যক্তি কাজী শাহাদাত তাঁর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাঁর বক্তব্যে বলেন, এই সম্মাননা পেয়ে আমি সর্বপ্রথম মহান রাব্বুল আল-আমিনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনি আমাকে সুস্থ এবং বাঁচিয়ে রেখেছেন বলেই আমি এমন একটি সম্মানজনক অনুষ্ঠানে আসতে পেরেছি।
তিনি বলেন, আমার ৪৪ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে বয়সে আমার চেয়ে ছোট সাংবাদিককে অকালেই মৃত্যুবরণ করতে দেখেছি, যা আমাকে প্রতিনিয়ত মানবজীবনের ক্ষণস্থায়িত্ব স্মরণ করিয়ে দেয়।
তিনি আরও বলেন, এমন সম্মাননা মানুষের দায়িত্ব আরও বাড়িয়ে দেয়। আমাকে যে সম্মান দেওয়া হয়েছে, তার মূল্য যেনো আগামীতেও সততা ও নিষ্ঠার সঙ্গে ধরে রাখতে পারি এবং সাংবাদিকতার প্রতি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি, সেজন্যে দোয়া করবেন।
এছাড়া সম্মাননাপ্রাপ্ত ইসলামী আন্দোলন নেতা শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, করোনাকালীন সংকটময় সময়ে মানুষের পাশে দাঁড়ানো ছিলো আমার নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। তিনি বলেন, এ ধরনের সম্মাননা ব্যক্তি নয়, এটি মানবিক কাজকে উৎসাহিত করে। সমাজে ভালো কাজের স্বীকৃতি থাকলে আরও মানুষ মানবতার পাশে দাঁড়াতে আগ্রহী হবে।
তিনি দৈনিক নয়া প্রভাতকে বস্তুনিষ্ঠ ও ন্যায়ভিত্তিক সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের অসংগতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা, মানবিকতা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে এই তিন গুণী ব্যক্তির অবদান নতুন প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে। সংবর্ধনার মধ্য দিয়ে দৈনিক নয়া প্রভাত সমাজে ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে বলে মন্তব্য করেন তাঁরা।








