প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৫
মতলব ব্রহ্মানন্দ যোগাশ্রমে বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন

'হরি ওঁ তৎস'-এ মহামন্ত্র সামনে রেখে পরমারাধ্য, পুজ্যষ্পাদ শ্রী শ্রী গুরু মহারাজের শুভাগমন এবং ব্রহ্মানন্দ যোগাশ্রমের ৯৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ ও সনাতন ধর্ম মহাসম্মেলন-২০২৬। রোববার (১ ফেব্রুয়ারি ২০২৬) মতলব দক্ষিণ উপজেলাধীন খাদেরগাঁও ইউনিয়নের চর চাঁদপুর (লামচরী) ব্রহ্মানন্দ যোগাশ্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
এ উপলক্ষে শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেল বেলা ওঁকার ও বাবামনির বিগ্রহ নিয়ে পল্লী পরিভ্রমণ, সন্ধ্যায় মঙ্গল শঙ্খধ্বনি ও সমবেত প্রেমধ্বনি শেষে মাঘী পূর্ণিমা উৎসবের অধিবাস হয় এবং রোববার ব্রহ্ম মুহূর্ত হতে যথাক্রমে মঙ্গলারতি, প্রভাতীয়া শিবস্তুতি, গুরু বন্দনা, হরি ওঁ কীর্ত্তন, সমবেত বেদ মন্ত্র ও শ্রী শ্রী গীতা পাঠ ও শ্রীশ্রী চণ্ডী পাঠ, শ্রীশ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞের শুভারম্ভ এবং দীক্ষা দান অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত ভক্ত-শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ এবং ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটির সভাপতি শংকর রাও নাগের সভাপতিত্বে 'অসাম্প্রদায়িকতা ধর্মের ভূষণ' শীর্ষক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আশীর্বচন পাঠ করেন চট্টগ্রাম সীতাকুণ্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রহ্মানন্দ যোগাশ্রম কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমরেশ চন্দ্র হালদার। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন।
সভা সঞ্চালনা করেন ৩নং খাদেরগাঁও ইউপি সদস্য তাপস সরকার। এরপর বিশ্বশান্তি কল্পে বেদ বাণী পাঠের মাধ্যমে মাঘী পূর্ণিমা উৎসবের সমাপ্তি এবং সন্ধ্যায় গুরুপূজা, হরি ওঁ কীর্ত্তন ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তদুপলক্ষে আশ্রমের দুপাশে মেলা বসেছে। মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
ওই যজ্ঞানুষ্ঠানে পৌরোহিত্য করেন চট্টগ্রাম সীতাকুণ্ড আন্তর্জাতিক শংকর মঠ ও মিশনের অধ্যক্ষ যোগাচার্য্য শ্রীশ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ এবং শ্রীমৎ স্বামী মুক্তানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ উত্তমানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ স্বামী জগদ্বীশ্বরানন্দ গিরি মহারাজ, শ্রীমৎ রূপকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ সেবানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ পুলকানন্দ ব্রহ্মচারী মহারাজ, শ্রীমৎ অরুণ ব্রহ্মচারী মহারাজ ও শ্রীমৎ সচীন ব্রহ্মচারী মহারাজসহ বিভিন্ন মঠাশ্রমের মহাত্ম মহারাজবৃন্দ।







