প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ০১:০৮
ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৭ : ফরিদগঞ্জের সম্ভাব্য প্রার্থী-১৬
রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোট দেওয়ার জন্য অপেক্ষায় আছে

সারাদেশের মানুষ যেখানে মুখিয়ে থাকে কবে ভোট আসবে, কবে তারা ভোট দেবে, সেখানে শত প্রচেষ্টার পরও অনেক জায়গায় ভোটারদের কেন্দ্রে আনা যায় না। এর ব্যতিক্রম একটি ঘটনা ঘটে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নে। অর্ধশতাব্দী ধরে এই ইউনিয়নের নারীরা ভোটদানে বিরত ছিলেন। বাংলাদেশের আর কোনো ইউনিয়নে এমন ঘটনা নেই। তবে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এ ইউনিয়নের নারীরা ভোট দেন। দেখার বিষয়, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তারা কী করেন। বেশ কয়েকজন নারী এই প্রতিবেদককে জানিয়েছেন, নির্বাচনের পরিবেশ ভালো থাকলে তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দেবেন।
আরেকটি কারণে রূপসা দক্ষিণ ইউনিয়ন আলাদা। ব্রিটিশ আমলে বৃহত্তর কুমিল্লা অঞ্চলের নীলকরদের অন্যতম প্রধান প্রশাসনিক কার্যালয় ছিলো এই ইউনিয়ন। ডাকাতিয়া নদীর অদূরে তারা কয়েক একর সম্পত্তির ওপর কার্যালয়টি স্থাপন করে, যা ‘নীলকুঠি’ নামে অধিক পরিচিত। এটি ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামে অবস্থিত। ইউনিয়নটিকে আলাদাভাবে চেনার তৃতীয় কারণ হলো—উপজেলার একমাত্র খ্রিস্টান পল্লী এই ইউনিয়নে অবস্থিত। উপজেলার খ্রিস্টান সম্প্রদায়ের একমাত্র উপাসনালয় (গির্জা) এই ইউনিয়নেই রয়েছে। ব্রিটিশদের সেই বংশধরেরা এখনো ফরিদগঞ্জের রূপসা দক্ষিণ ইউনিয়নে বসবাস করছেন। যে পীরের কথায় নারীরা ভোট দেওয়া থেকে বিরত থাকতেন, সেই পীরের (জৈনপুরী) দরবার এখনো এই ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে রয়েছে।
১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের আয়তন ১১.৫৭ বর্গকিলোমিটার। এই ইউনিয়নের উত্তরে রূপসা উত্তর ইউনিয়ন, পশ্চিমে ফরিদগঞ্জ দক্ষিণ ও চরদুঃখিয়া পূর্ব ইউনিয়ন, দক্ষিণে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা এবং পূর্বে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা অবস্থিত। সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে চুরি ও ডাকাতি লেগেই থাকে। এ ছাড়া ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রয়েছে। তবে এখানকার রাস্তাঘাট বেশ ভালো; ইউনিয়নের অধিকাংশ রাস্তাই পাকা। ২নং বালিথুবার পর এই ইউনিয়ন থেকে একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। প্রথমবার বিএনপি থেকে হারুনুর রশিদ এবং দ্বিতীয়বার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া নির্বাচিত হন। ফরিদগঞ্জ উপজেলার একমাত্র অনার্স কলেজটি এই ইউনিয়নেই অবস্থিত। এখানে সুন্দর একটি শিক্ষাপ্রতিষ্ঠান ও কমপ্লেক্স রয়েছে। ইউনিয়নের দুটি বাজার রয়েছে—একটি গৃদকালিন্দিয়া বাজার, অপরটি সাহেবগঞ্জ কুঠির বাজার। এ ছাড়া ইউনিয়নের অন্যতম দর্শনীয় স্থান হলো সাহেবগঞ্জ পর্তুগিজ দুর্গ বা নীলকুঠি।
ফরিদগঞ্জ নির্বাচন অফিস সূত্রে জানা যায়, রূপসা দক্ষিণ ইউনিয়নে মোট ভোটার ২১ হাজার ৮৬১ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫১৩ জন এবং নারী ১০ হাজার ৩৪৮ জন। এই ইউনিয়নের মোট ভোটকেন্দ্র ৯টি আর ভোটকক্ষ ৪২টি।
ইউনিয়নে বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন মো. হুমায়ুন কবির। এর আগে নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের মো. শরীফ হোসেন খাস। তাঁর আগের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের মো. ইসকান্দার আলী। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীরা হলেন—সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. বিল্লাল হোসেন খান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. মানিক পাটওয়ারী এবং ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সৌদি আরব রিয়াদ শাখা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন। এ ছাড়া জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে মাওলানা মো. আবু তাহেরের নাম শোনা যাচ্ছে।








