প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৮:৪১
মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনকে খেলাফত মজলিসের পক্ষ থেকে সুস্বাগতম

আগামী ১৬ মে শনিবার চাঁদপুর জেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শুভ আগমন উপলক্ষে খেলাফত মজলিস, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ জানানো হয়েছে।
|আরো খবর
এক বিবৃতিতে জেলা সভাপতি তোফায়েল আহমেদ ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফর এ জেলার মানুষের জন্যে আশাবাদ ও প্রত্যাশার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ। দীর্ঘদিন ধরে অবহেলিত বিভিন্ন নাগরিক সমস্যা, চাঁদপুর-শরীয়তপুর মেঘনা সেতু, উন্নয়ন বৈষম্য ও জনদুর্ভোগ নিরসনে এই সফর কার্যকর ভূমিকা রাখবে বলে চাঁদপুরবাসী আশাবাদী।
নেতৃবৃন্দ বলেন, সম্ভাবনাময় জেলা হওয়া সত্ত্বেও চাঁদপুর এখনো অনেক মৌলিক উন্নয়ন থেকে বঞ্চিত। চাঁদপুর মেডিকেল কলেজ এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, নদীভাঙ্গন কবলিত হাইমচরসহ মেঘনা তীরবর্তী অঞ্চলে টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, আধুনিক নৌবন্দর ও শিল্পায়নের স্বার্থে ইপিজেড প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি এবং শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্যে আধুনিক শিশু পার্ক নির্মাণ এখন সময়ের জোর দাবি। মাননীয় প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এসব দাবি বাস্তবায়িত হবে বলে আমরা প্রত্যাশা করি।
বিবৃতিতে আরও বলা হয়, দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে চাঁদপুর জেলার বহু তরুণ জীবন উৎসর্গ করেছেন এবং অনেকে আহত হয়েছেন। জুলাই আন্দোলনের শহিদ ৩১ জনসহ বিগত ১৭ বছরের আন্দোলনে শহিদ সিয়াম, শহিদ লিমন ছৈয়াল, শহিদ রতন, শহিদ আবুল হোসেন ও শহিদ ফারুক হোসেনসহ সকল শহিদের স্মৃতি চাঁদপুরবাসী গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। মাননীয় প্রধানমন্ত্রীর সফরসূচিতে শহিদ পরিবার ও আহত সংগ্রামীদের সাথে সাক্ষাতের সুযোগ রাখা হলে তা ক্ষতবিক্ষত পরিবারগুলোর জন্যে সহমর্মিতা, সম্মান ও প্রেরণার এক মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে।
নেতৃবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন এবং তাঁর এই সফরের মাধ্যমে চাঁদপুরবাসীর ন্যায্য প্রত্যাশা পূরণের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ডিসিকে/ এমজেডএইচ








