বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১১

নিরাপত্তায় সাড়ে ১২ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

চাঁদপুরে ৫টি আসনে ৩৬ প্রার্থীর ভোটের লড়াই

চৌধুরী ইয়াসিন ইকরাম
চাঁদপুরে ৫টি আসনে ৩৬ প্রার্থীর ভোটের লড়াই
ক্যাপশন: নির্বাচনী কাজে নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি-জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলের ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এসব আসনের ৭০৬টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১২ হাজার ৫২৪ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। পুলিশের তথ্যানুযায়ী ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ৪২২টি। মোট ভোটার সংখ্যা ২৩ লাখ ৩১ হাজার ১৯০ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা পুলিশ ও নির্বাচন অফিসারের কার্যালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

আরো জানা গেছে, জেলার পাঁচটি আসনে ভোটারদের ভোটগ্রহণের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ৭০৬টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করবেন ১ হাজার ৯২০ জন পুলিশ সদস্য, ৯৮১ জন সেনাবাহিনী সদস্য, ২৩৫ জন বিজিবি সদস্য, ৯ হাজার ১৭৮ জন আনসার সদস্য, ২১০ জন কোস্টগার্ড সদস্য, ৭০৬ জন প্রিসাইডিং অফিসার, ৪ হাজার ২৭৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার, ৮ হাজার ৫৫২ জন পোলিং অফিসার, ৩১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট।

এছাড়া মতলব উত্তর, সদর ও হাইমচর উপজেলার দুর্গম চরের ২২টি ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে কোস্ট গার্ডের সদস্যরা দায়িত্ব পালন করবেন।

জেলা পুলিশের তথ্যানুযায়ী চাঁদপুর-১ (কচুয়া) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১০১টি, চাঁদপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১২৩টি, চাঁদপুর-৩ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ১০৪টি, চাঁদপুর-৪ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৮ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৩৮টি এবং চাঁদপুর-৫ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন ও ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্র ৫৬টি।

পাঁচটি আসনের মধ্যে চাঁদপুর-১ ও ৩ আসনে বিএনপি-জামায়াতের মধ্যে এবং চাঁদপুর-৪ আসনে বিএনপি, বিদ্রোহী প্রার্থী ও জামায়াত প্রার্থীর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি চাঁদপুর-২ ও চাঁদপুর-৫ আসনে ১১ দলীয় জোটের এলডিপির প্রার্থী অপরিচিত মুখ হওয়ায় বিএনপির প্রার্থীরা সহজে বিজয় পেতে পারেন। এই দু আসনে অন্যান্য দলের প্রার্থীরাও কোনো অবস্থান তৈরি করতে পারেননি।

চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের জন্যে সার্বিক প্রস্তুতি রয়েছে। বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়