রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১০:০৪

পুলিশের এমন উদ্ধার তৎপরতায় মিললো অনেক স্বস্তি

অনলাইন ডেস্ক
পুলিশের এমন উদ্ধার তৎপরতায় মিললো অনেক স্বস্তি

একটি পরিবার নিখোঁজ-এই খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি করে। তার সঙ্গে যদি যুক্ত হয় ধর্মীয় পরিচয়, সামাজিক যোগাযোগমাধ্যমের নানা পোস্ট এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের আশঙ্কা, তাহলে উদ্বেগ আরও বহুগুণ বেড়ে যায়। চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস সপরিবারে নিখোঁজ হওয়ার ঘটনায়ও তেমন পরিস্থিতিই তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত পুলিশের তৎপরতায় চট্টগ্রামের পটিয়া থেকে স্ত্রী ও দুই সন্তানসহ পিন্টু দাসকে উদ্ধারের ঘটনায় তাই স্বস্তি ফিরেছে। তবে পুলিশি তদন্তে যে তথ্য উঠে এসেছে, তা নিঃসন্দেহে নতুন কিছু প্রশ্নের জন্ম দিয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, পিন্টু দাস নিখোঁজ হননি; বরং ঋণের চাপ ও আর্থিক দায়-দেনার কারণে পরিকল্পিতভাবে পরিবার নিয়ে আত্মগোপনে গিয়েছিলেন। এমনকি চাঁদপুর ছাড়ার আগে বাসার মালামালও ট্রাকযোগে সরিয়ে নেওয়া হয়েছিল। ট্রাকের সূত্র ধরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। তথ্যপ্রযুক্তি, সিসিটিভি বিশ্লেষণ এবং মাঠপর্যায়ের অনুসন্ধানের সমন্বয়ে পরিবারটিকে উদ্ধার করা আইনশৃঙ্খলা বাহিনীর একটি প্রশংসনীয় সাফল্য।

এখানে সবচেয়ে বড় স্বস্তির জায়গাটি হলো-ঘটনাটিকে ঘিরে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টা হয়েছিল, সেটির বাস্তব ভিত্তি আপাতত পাওয়া যায়নি। কোনো ঘটনা ঘটলেই সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া ধর্মীয় রং দেওয়ার প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। এতে শুধু একটি পরিবার বা একটি ব্যবসায়ী গোষ্ঠী নয়, সামগ্রিক সামাজিক সম্প্রীতিই ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই পিন্টু দাসের আত্মগোপনের প্রকৃত কারণ উদঘাটনের পাশাপাশি উস্কানিমূলক প্রচারণার পেছনে কারা ছিল, সেটিও নিরপেক্ষ তদন্তে বের করা জরুরি। তবে এই ঘটনার আরেকটি দিকও উপেক্ষা করার সুযোগ নেই। এর প্রায় দু বছর আগে চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে অ্যাপোলো-মজিদ টাওয়ারের নিচতলায় অবস্থিত ‘করুণা শিল্পালয়ে’র মালিক রঞ্জিত কুরীর আত্মহত্যার ঘটনাও স্বর্ণ ব্যবসাকে ঘিরে মানুষের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। এবার একজন স্বর্ণ ব্যবসায়ী সপরিবারে ব্যবসায়িক দেনা-পাওনার চাপের মধ্যে আত্মগোপনে গেলেন-এমন পরপর ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, স্বর্ণ ব্যবসায়ীদের ওপর গ্রাহকদের আস্থা কি কমছে?

এই প্রশ্নের উত্তর অবশ্য কোনো ব্যক্তির কর্মকাণ্ড দিয়ে পুরো একটি ব্যবসায়ী শ্রেণিকে বিচার করে দেওয়া যায় না। অধিকাংশ স্বর্ণ ব্যবসায়ী সৎভাবে ব্যবসা পরিচালনা করেন-এটিও মনে রাখতে হবে। কিন্তু স্বর্ণের ব্যবসা এমন একটি ক্ষেত্র, যেখানে মানুষের কষ্টার্জিত অর্থ, সঞ্চয় ও মূল্যবান অলংকারের সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে একজন ব্যবসায়ীর অনিয়ম, বড় ধরনের দেনা কিংবা হঠাৎ গা-ঢাকা দেওয়ার ঘটনা পুরো খাতের ওপরই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ কারণেই স্বর্ণ ব্যবসায় আরও স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মিত নজরদারি প্রয়োজন। গ্রাহকের কাছ থেকে অগ্রিম অর্থ নেওয়া, স্বর্ণ বন্ধক রাখা, বিক্রয়-বাণিজ্যের হিসাব এবং ব্যবসায়িক দায়-দেনার ক্ষেত্রে সুনির্দিষ্ট নথিপত্র ও নিয়ম মানার সংস্কৃতি জোরদার করতে হবে। একই সঙ্গে ব্যবসায়ী সংগঠন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে কোনো একজনের ব্যর্থতা বা প্রতারণার দায় পুরো পেশার ওপর না পড়ে।

পিন্টু দাসকে সপরিবারে দ্রুত উদ্ধার করে পুলিশ অন্তত একটি সম্ভাব্য বড় ধরনের সামাজিক ও সাম্প্রদায়িক উত্তেজনা এড়াতে সক্ষম হয়েছে। এখন প্রয়োজন ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরা। অপরাধী হলে আইন অনুযায়ী ব্যবস্থা হবে, নির্দোষ হলে সেটিও পরিষ্কারভাবে জানানো হবে-এটাই প্রত্যাশা। স্বস্তির এই উদ্ধার যেন এখানেই শেষ না হয়। বরং এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে স্বর্ণ ব্যবসায় আস্থা, স্বচ্ছতা ও জবাবদিহি আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়াই হোক সংশ্লিষ্ট সবার পরবর্তী দায়িত্ব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়