বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ০১:০৯

ডা. দীপু মনির স্বামীর দাফন আজ।। ১২ ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি

স্টাফ রিপোর্টার
ডা. দীপু মনির স্বামীর দাফন আজ।। ১২ ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি
ছবি :সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য অ্যাডভোকেট তৌফিক নাওয়াজের জানাজা ও দাফন আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সম্পন্ন হবে। আজ বাদ জোহর গুলশান আজাদ মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর বনানী কবরস্থানে মা-বাবার পাশে তাঁকে দাফন করা হবে। ডা. দীপু মনির ঘনিষ্ঠজনদের কাছ থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে স্বামী তৌফিক নাওয়াজকে শেষবারের মতো দেখা এবং দাফন-কাফনে অংশ নেওয়ার জন্যে কারাবন্দী সাবেক মন্ত্রী দীপু মনিকে ১২ ঘণ্টার জন্যে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর এই প্যারোলে মুক্তির সময়সীমা নির্ধারণ করা হয়।

এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৌফিক নাওয়াজ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন স্ট্রোকসহ নানা শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। ২০১৯ সালে তিনি আকস্মিকভাবে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

অ্যাডভোকেট তৌফিক নাওয়াজ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে দেশের আইন অঙ্গন ও সুশীল সমাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তিনি একজন বিনয়ী, সজ্জন, সদালাপী, সৎ ও সদাহাস্যোজ্জ্বল মানুষ হিসেবে সর্বজনশ্রদ্ধেয় ছিলেন।

তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। টিআইবিসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিরা তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়