প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১০:৪৭
এ মৃত্যু চান্দ্রা বাজারের অব্যবস্থাপনার আরেকটি নমুনা

‘ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু’ শিরোনামে গতকাল চাঁদপুর কণ্ঠে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এ সংবাদটিতে কবির হোসেন মিজি লিখেছেন, ট্রাক থেকে মালামাল আনলোড করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাঈনুদ্দীন নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকার ফরিদ মার্কেট রোডে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে একটি ট্রাক থেকে মালামাল নামানোর সময় অসাবধানতাবশত ওপরে থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে শ্রমিক মাঈনুদ্দিন (১৮) বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মাঈনুদ্দিন ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর গ্রামের মুক্তারের ছেলে। তার ডাক নাম মুন্না বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা জানান, বাজার এলাকায় ঝুলে থাকা বৈদ্যুতিক তারের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তারা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন। ফরিদগঞ্জের প্রসিদ্ধ চান্দ্রা বাজারে সাম্প্রতিক বছরগুলোতে চরম অব্যবস্থাপনা চলছে, যেটা নিয়ে দৈনিক চাঁদপুর কণ্ঠ সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অর্থপূর্ণ নীরবতায় এ অব্যবস্থাপনার আবর্ত থেকে বাজারটি বের হতে পারছে না। এ বাজারটিতে ব্যবসায়ী সমিতি নেই। এমন সমিতি থাকলে বাজারের অব্যবস্থাপনা সহ সমস্যাসমূহ সমাধানে উদ্যোগ নিতে পারতো। উপজেলা প্রশাসনসহ অন্য সরকারি-বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করতে পারতো, মধ্যস্থতা করতে পারতো। যেমন, বাজার এলাকায় ঝুঁকিপূর্ণভাবে ঝুলে থাকা বৈদ্যুতিক তারগুলোকে বিপদমুক্ত অবস্থানে নিয়ে যাওয়ার জন্যে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারতো। কিন্তু সমিতি না থাকায় কোনো সচেতন ব্যক্তি বা ব্যবসায়ী বিদ্যুতের ঝুঁকি নিরসনের কাজে আর ভূমিকা রাখেননি। অবশেষে সে ঝুলে থাকা বিদ্যুতের তারে বলি হলো এক শ্রমিকের, যিনি ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অকাল মৃত্যুর শিকার হলেন। নিঃসন্দেহে এ মৃত্যু চান্দ্রা বাজারের অব্যবস্থাপনার একটি নিকৃষ্ট নমুনা। এরপরেও যদি চান্দ্রা বাজারের অব্যবস্থাপনার বিষয়ে উপজেলা প্রশাসনের চেতনা জাগ্রত হয়, তাহলেও এ শ্রমিকের বলিদান সার্থক (!) হবে। আমরা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুবরণকারী শ্রমিকের পরিবারের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে চান্দ্রাবাজারের ব্যবসায়ীদের সম্মিলিতভাবে এগিয়ে আসার জন্যে এবং ব্যবসায়ী সমিতি গঠনের উদ্যোগ নেয়ার জন্যে জোর অনুরোধ জানাচ্ছি।




