প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১৫:১৯
চট্টগ্রামে আন্তর্জাতিক সম্মেলনে প্রবন্ধ উপস্থাপন করবেন চাঁদপুরের চার লেখক-গবেষক

চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন-২০২৬-এ গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করতে যাচ্ছেন চাঁদপুরের চার লেখক ও গবেষক। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি)-এর কলা ও মানবিক অনুষদের উদ্যোগে বৃহস্পতি ও শুক্রবার (২৬ ও ২৭ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দেশ-বিদেশের লেখক, গবেষক ও শিক্ষাবিদরা অংশ নেবেন।
|আরো খবর
সম্মেলনের প্রথম দিন বৃহস্পতিবার দুপুরের অধিবেশনে সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মহাপরিচালক কাদের পলাশ ‘লোকজীবিকায় নারী : অদৃশ্য শ্রম, অর্থনীতি ও লোকায়ত সংস্কৃতি’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন।
এ ছাড়া সাহিত্য একাডেমির পরিচালক মুহাম্মদ ফরিদ হাসান ও মাইনুল ইসলাম মানিক এবং কবি ও লেখক নুরুন্নাহার মুন্নি সম্মেলনে নিজ নিজ গবেষণাধর্মী প্রবন্ধ উপস্থাপন করবেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে চাঁদপুরের লেখক ও গবেষকদের অংশগ্রহণ জেলার সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাচর্চাকে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।





