প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২০:৫১
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক শহরের জিটি রোড, বিপণীবাগ ও লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে মিজি এন্টারপ্রাজকে ১০ হাজার টাকা এবং পচা-বাসি খাবার বিক্রয়ের জন্য ফ্রিজে সংরক্ষণ করার অপরাধে মেঘনা হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
|আরো খবর
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এই জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করে। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করে। এ সময়
পচা-বাসি খাবার ধ্বংস করা হয়। অভিযানের অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়, ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করা, মূল্য তালিকা টানানো, মেয়াদোত্তীর্ণ ঔষধ বা পণ্য বিক্রয় না করা এবং অবৈধ মজুদদারি থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা পুলিশের একটি টিম অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।







