প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:৪৫
চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

চাঁদপুর নৌ থানা পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজা উদ্ধার এবং দু নারীসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
|আরো খবর
চাঁদপুর নৌ থানার সাধারণ ডায়েরি নং ৫৫৬, তারিখ ২৩/০৬/২০২৬ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুর আড়াইটার সময় এসআই সুফল চন্দ্র সিংহ সঙ্গীয় ফোর্স নিয়ে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় ডিউটিকালে গাঁজার একটি চালান পাচারের গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে চেকপোস্ট পরিচালনা করে সন্দেহভাজন তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে মো. ইউনুছের ব্যাগ থেকে ৩ কেজি এবং জান্নাতুন নেছা ও রেশমি আক্তার লিজার ব্যাগ থেকে ৪ কেজিসহ মোট ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো : মোসা. জান্নাতুন নেছা (২০), পিতা মো. আজিজুর রহমান, স্বামী মো. কাজল ইসলাম, গ্রাম হিন্দা সোনারপাড়া, থানা ক্ষেতলাল, জেলা জয়পুরহাট; রেশমি আক্তার লিজা (১৯), স্বামী মো. আরিফিন হক জীবন, পিতা মো. রশিদুল ইসলাম, গ্রাম উত্তর রামপুর, থানা জয়পুরহাট সদর, জেলা জয়পুরহাট এবং মো. ইউনুছ (৫৩), পিতা মৃত বুদ্দু দেওয়ান, মাতা মৃত আনোয়ারা বেগম, গ্রাম চরহোগলা, থানা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল; বর্তমান ঠিকানা মিরপুর-০১, পাইকপাড়া, জোনাকি রোড, থানা মিরপুর মডেল, জেলা ঢাকা।
জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য এনে লঞ্চযোগে ঢাকায় নেওয়ার জন্যে লঞ্চঘাটে আসে। এই সিন্ডিকেটটি দীর্ঘদিন ধরে এই রুটে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে চাঁদপুর নৌ থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আজমগীর হোসাইন এক প্রেস নোটে জানিয়েছেন।







