রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২০:৩৭

‎ফরিদগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ‎একই পরিবারের ৩ জন গুরুতর আহত

‎এমরান হোসেন লিটন
‎ফরিদগঞ্জে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, ‎একই পরিবারের ৩ জন গুরুতর আহত

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, রামদাসেরবাগ এলাকার বিশের বাড়ির বাসিন্দা মো. সফিকুল ইসলাম (৬৫)-এর সাথে দীর্ঘদিন ধরে তার পৈতৃক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে ছোট ভাই মো. দেলোয়ার হোসেন (৬০), ভাতিজা শাহাদাৎ হোসেন (৪০), ভাতিজি মোসা. পারভীন বেগম (৪০), ভাতিজা মো. রাসেল হোসেন (৩৫)-এর বিরোধ চলে আসছে।

বাদী ও অভিযোগকারী শফিকুল ইসলাম বলেন, বিবাদীপক্ষ তার জমি জোরপূর্বক দখলের জন্যে এবং জমিতে পাকা স্থাপনা নির্মাণের জন্যে সেখানে ইট, বালি ও সিমেন্টসহ বিভিন্ন নির্মাণসামগ্রী এনে কাজ শুরু করার প্রস্তুতি নেয়। পরে বিষয়টি তিনি স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। পরবর্তীতে গত ২ এপ্রিল বৃহস্পতিবার শফিকুল ইসলাম ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং বিষয়টি পরবর্তীতে সমাধানের আশ্বাস দেয়। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা উপেক্ষা করে বিবাদী পক্ষ গত ১৩ এপ্রিল ২০২৬ (সোমবার) পুনরায় ওই জমিতে ভবন নির্মাণ কাজ শুরু করেন। এ সময় শফিকুল ইসলামের ছেলে নাছির ইসলাম কাজের বিষয়ে জানতে চাইলে বিবাদী পক্ষ তার ওপর হামলা চালায়। এক পর্যায়ে তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার পিতা শফিকুল ইসলাম ও তার মা হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এছাড়া অভিযুক্তরা দিনের বেলায় তাদের ওপর হামলা করেই ক্ষান্ত হয়নি, পুনরায় তারা রাতের আঁধারে অভিযোগকারীর বসতঘরে হামলা করে ভাংচুর করে।

‎ভুক্তভোগী পরিবার আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে প্রতিপক্ষের হুমকি ও হয়রানির মধ্যে রয়েছেন এবং বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। যে কোনো সময় পুনরায় বড়ো ধরনের দাঙ্গা-হাঙ্গামার আশঙ্কা করছেন।

অভিযুক্ত দেলোয়ার হোসেন ও শাহাদাত হোসেনের সাথে কথা হলে তারা বলেন, যে দাগের ওপর স্থাপনা নির্মাণ করা হচ্ছে সে দাগের ওপরে কয়েকজনের সম্পত্তি আছে। সেখানে তাদের সম্পত্তিও আছে বলে তারা স্থাপনা নির্মাণ করার উদ্যোগ নেন। তারা কোনোরকম বাড়াবাড়ি না করে আপস মীমাংসার মাধ্যমে এ সমস্যার সমাধান চান। এই সংঘর্ষের কারণে তাদেরও একজন মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছেন।

অভিযোগকারী শফিকুল ইসলাম বলেন, এই সম্পত্তি জোড়াতে গিয়ে তিনি অনেক কষ্ট করেছেন। ব্যাপক পরিশ্রম করতে হয়েছে। তাই তিনি তার সম্পত্তির হিসাব বুঝে নিতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়