প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ১৫:০৬
ফরিদগঞ্জে বন্দুকের কার্তুজসহ যুবক আটক

ফরিদগঞ্জ থানা পুলিশ বন্দুকের ১টি কার্তুজ এবং ১টি কাটারসহ মো. নাইম (২৩) নামে এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) রাতে উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পোয়া এলাকা থেকে তাকে আটক করে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার রাতে নাইম নামে এই যুবককে গুলি করার হুমকি দিলে এলাকাবাসী তাকে বন্দুকের কার্তুজ ও কাটারসহ আটক করে থানা পুলিশকে সংবাদ দেয়। পরে তারা এসে তাকে আটক করে নিয়ে যায়। আটক নাইম স্থানীয় মধ্য পোয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তবে তার কাছে কার্তুজ কীভাবে এলো এবং বন্দুকটি কোথায় এ নিয়ে নানা প্রশ্ন রয়েছে।
এদিকে স্থানীয় লোকজন জানায়, এলাকায় তুচ্ছ ঘটনা নিয়ে নাইম স্থানীয় ক'জন যুবককে গুলি করার হুমকি দেয় । পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে তাকে আটক করে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, নাইম নামে যুবককে কার্তুজ ও কাটারসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা
দায়েরপূর্বক শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।







