রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৮

ফসলের সর্বোচ্চ ফলন পেতে সুষম সার ব্যবস্থাপনার বিকল্প নেই

মাটির স্বাস্থ্য রক্ষা ও উৎপাদন খরচ কমাতে প্রয়োজন সঠিক মাত্রায় সার প্রয়োগ

কৃষিকণ্ঠ প্রতিবেদক
ফসলের সর্বোচ্চ ফলন পেতে সুষম সার ব্যবস্থাপনার বিকল্প নেই

কৃষিতে কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে সুষম সার ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। জমির উর্বরতা বজায় রাখা, ফসলের সর্বোচ্চ ফলন পাওয়া এবং উৎপাদন খরচ কমাতে প্রয়োজন অনুযায়ী সঠিক মাত্রায় ও সঠিক সময়ে সার প্রয়োগ করা অত্যন্ত জরুরি। অপরিকল্পিত ও অতিরিক্ত সার ব্যবহার একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ বাড়ায়, অন্যদিকে মাটির স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলে। তাই টেকসই কৃষি উৎপাদনের জন্য সুষম সার ব্যবস্থাপনার ওপর জোরালো গুরুত্ব দিচ্ছেন কৃষি বিশেষজ্ঞরা।

জৈব ও রাসায়নিক সারের ভূমিকা

ফসল উৎপাদনে সাধারণত জৈব সার, রাসায়নিক সার ও অণুখাদ্য ব্যবহার করা হয়। গোবর, কম্পোস্ট, ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) এবং সবুজ সার মাটির জৈব পদার্থ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব সার মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করে, মাটিকে ঝুরঝুরে রাখে এবং দীর্ঘমেয়াদে উর্বরতা বজায় রাখতে সহায়তা করে।

অন্যদিকে, রাসায়নিক সারের মধ্যে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি উল্লেখযোগ্য। ইউরিয়া গাছের পাতা ও ডালপালার বৃদ্ধিতে সহায়তা করে এবং গাছকে সবুজ রাখে। টিএসপি ও ডিএপি থেকে প্রাপ্ত ফসফরাস গাছের শিকড়ের বিকাশ, ফুল ও ফল গঠনে ভূমিকা রাখে। এ ছাড়া এমওপি বা পটাশ গাছের রোগ ও প্রতিকূলতা সহনশীলতা বাড়াতে এবং ফসলের গুণগত মান উন্নত করতে সহায়তা করে।

এর বাইরে জিঙ্ক, বোরন ও সালফারের মতো অণুখাদ্যও ফসলের স্বাভাবিক বৃদ্ধি ও উৎপাদনের জন্য প্রয়োজন। এসব উপাদান অল্প পরিমাণে প্রয়োজন হলেও ঘাটতি দেখা দিলে ফসলের বৃদ্ধি ও ফলন মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।

সঠিক সময়ে সার প্রয়োগ জরুরি

সুষম সার ব্যবস্থাপনার প্রথম ধাপ হলো মাটির পুষ্টি উপাদানের বর্তমান অবস্থা জানা। এজন্য ফসল চাষের আগে জমির মাটি পরীক্ষা করা প্রয়োজন। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কিংবা উপজেলা কৃষি অফিসের পরামর্শ নিয়ে মাটির ধরন ও ফসলের চাহিদা অনুযায়ী সারের মাত্রা নির্ধারণ করা উচিত।

সাধারণত জমি তৈরির শেষ চাষের সময় জৈব সার, টিএসপি, এমওপি ও জিপসামসহ প্রয়োজনীয় সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। অন্যদিকে, ইউরিয়া সার একবারে না দিয়ে ফসলের জাত ও বৃদ্ধির পর্যায় অনুযায়ী দুই থেকে তিন কিস্তিতে উপরিপ্রয়োগ করা ভালো। তবে ফসলভেদে সারের মাত্রা ও প্রয়োগের সময় ভিন্ন হতে পারে।

সার ব্যবস্থাপনায় অনুসরণ করতে হবে ‘৪ আর’ (৪জ) নীতি

আধুনিক কৃষিতে সুষম সার ব্যবস্থাপনার জন্য ‘৪আর’ (৪জ) নীতি অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর চারটি দিক হলো—

১. সঠিক উৎস

২. সঠিক মাত্রা

৩. সঠিক সময় এবং

৪. সঠিক স্থান বা পদ্ধতি ।

অর্থাৎ, ফসলের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত সার নির্বাচন, নির্ধারিত মাত্রায় প্রয়োগ এবং সঠিক সময়ে কার্যকর পদ্ধতিতে জমিতে সার দিতে হবে।

অতিরিক্ত সার ব্যবহারে ক্ষতির আশঙ্কা

অনেক সময় কৃষকরা অধিক ফলনের আশায় প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সার ব্যবহার করেন। বিশেষ করে অতিরিক্ত ইউরিয়া প্রয়োগের ফলে গাছের অস্বাভাবিক কচি বৃদ্ধি হতে পারে, যার ফলে রোগ ও পোকামাকড়ের আক্রমণের ঝুঁকি বাড়ে। পাশাপাশি সারের অপচয়, মাটির পুষ্টির ভারসাম্যহীনতা এবং পানি ও পরিবেশদূষণের আশঙ্কাও তৈরি হয়। তাই অনুমাননির্ভর সার প্রয়োগ না করে মাটি পরীক্ষা ও কৃষি কর্মকর্তাদের পরামর্শ অনুযায়ী সার ব্যবহার করা প্রয়োজন।

টেকসই কৃষির জন্য সুষম সার ব্যবস্থাপনা

কৃষির উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাটির স্বাস্থ্য রক্ষা করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য জৈব ও রাসায়নিক সারের সমন্বিত ব্যবহার, ফসলের চাহিদা অনুযায়ী পুষ্টি সরবরাহ এবং সঠিক সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। এতে একদিকে যেমন কৃষকের উৎপাদন খরচ কমবে, অন্যদিকে মাটির উর্বরতা ও পরিবেশের ভারসাম্য বজায় থাকবে।

সর্বোপরি, অধিক সার নয়; বরং প্রয়োজন অনুযায়ী সঠিক সার প্রয়োগই পারে ফসলের কাঙ্ক্ষিত ফলন নিশ্চিত করতে এবং কৃষিকে আরও লাভজনক ও টেকসই করে তুলতে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়