প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ২২:৫৬
ফরিদগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের সমাপনী
স্কাউটসের শিক্ষা সর্বত্র কাজে লাগাতে হবে
.......মোহাম্মদ এরশাদ উল্লাহ

ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে প্রথমবারের মতো শুরু হওয়া দুদিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এরশাদ উল্লাহ্।
|আরো খবর
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি নুরুন্নবী নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা ফুলের মতো। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান সর্বত্র ফুলের মতো ছড়িয়ে দিতে হবে। স্কাউটসরা নিজেদের সর্বোচ্চ পরিশ্রম দিয়ে দেশের সেবা করে। জাতীয় দুর্যোগে তারা নিজের পরিবার ছেড়ে ছুটে যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে। স্কুলজীবন থেকেই স্কাউটিংয়ের মাধ্যমে একজন চরিত্রবান ও আদর্শবান মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা সম্ভব। স্কাউটস-এর শিক্ষা সর্বত্র কাজে লাগানোর আহ্বান জানিয়ে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে এই আয়োজনের প্রংশসা করে তিনি বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী স্কাউটরা দুর্যোগে তাদের করণীয় বিষয়ে অনেক কিছু শিখতে পারবে। এ সময়ে তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী যে সকল স্কাউটদের কেডস নেই, তাদের কেডস দেয়ার ঘোষণা দেন।
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট দলের সম্পাদক জাহিদুল ইসলাম ফাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সহ-সভাপতি মশিউর রহমান। আরো বক্তব্য রাখেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সামসুল আমিন এলটি এবং কোর্সের ক্যাম্প লিডার হিতেশ চন্দ্র শর্মা।
উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের যুগ্ম সম্পাদক (রোভার) শামীম হাসান, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম পাটওয়ারী, স্কাউট প্রশিক্ষক মোফাজ্জল হোসেন ও রাজিয়া সুলতানা।
দুদিনব্যাপী ক্যাম্পে ফরিদগঞ্জ উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫২জন স্কাউট প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তবমুখী নানা কার্যক্রমের মধ্য দিয়ে তারা দুর্যোগ মোকাবেলার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।
ছবির ক্যাপসন
ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে দুদিনব্যাপী দুর্যোগ ব্যবস্থাপনা কোর্সের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কাউটদের মাঝে সনদ তুলে দিচ্ছেন অতিথিবৃন্দ।








