প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৯:২২
দুই যমজ বোনের ট্যালেন্টপুলে বৃত্তি

একইদিনে জন্ম, একসঙ্গে বেড়ে ওঠা, একই বিদ্যালয়ে লেখাপড়া। সেই পথচলার ধারাবাহিকতায় এবার প্রাথমিক বৃত্তি-২০২৫ পরীক্ষায় একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ফরিদগঞ্জ উপজেলার যমজ বোন মায়মুনা আক্তার ও মুনতাহা আক্তার। এই দু বোন শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ আলী ও নাছিমা আক্তার দম্পতির কন্যা। নাছিমা আক্তার সুগৃহিণী। পিতার বর্তমান কর্মস্থল ফরিদগঞ্জ হওয়ায় তারা উপজেলার ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। জানা গেছে, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ নিয়ে মায়মুনা ও মুনতাহা উভয়েই ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। বর্তমানে তারা ফরিদগঞ্জের বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই দু বোনের পড়াশোনার প্রতি প্রবল আগ্রহ দেখা যাচ্ছে। নিয়মিত অধ্যয়ন, একে অপরকে সহযোগিতা করা এবং পরিবারের সার্বক্ষণিক উৎসাহ-অনুপ্রেরণাই তাদের এ সাফল্যের ভিত্তি। শিক্ষক বাবা মোহাম্মদ আলী বলেন, এটি মহান আল্লাহর অশেষ রহমত। আমরা চাই, মেয়েরা ভবিষ্যতে সুশিক্ষিত, সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলুক এবং দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখুক।
ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসির সভাপতি ও গণমাধ্যমকর্মী এসএম ইকবাল হোসেন বলেন, একই পরিবারের যমজ বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়া নিঃসন্দেহে একটি বিরল ঘটনা। তাদের এই সাফল্য শুধু পরিবারের নয়, পুরো ফরিদগঞ্জবাসীর জন্যেও গর্বের। আমরা তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।







