প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ২২:০৫
ফরিদগঞ্জে ‘উদ্যোগ কর্মসূচি’র ক্যাম্পেইন উদ্বোধন
দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে এটি সরকারের একটি চমৎকার প্রচেষ্টা
— ইউএনও মেহেদী হাসান মানিক

বাংলাদেশ ব্যাংকের ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’ এবং ‘তরুণ উদ্যোক্তা অনুসন্ধান নীতিমালা বিষয়ক প্রচারণা কার্যক্রম’-এর অংশ হিসেবে ফরিদগঞ্জ উপজেলায় উদ্যোগ কর্মসূচির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ মিলনায়তনে ফরিদগঞ্জ উপজেলার লিড ব্যাংক এনসিসি ব্যাংক ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পেইন উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক।
|আরো খবর
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে এটি সরকারের একটি চমৎকার প্রচেষ্টা। এরই অংশ হিসেবে তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগাতে—বিশেষ করে যাদের বয়স ২৮ বছরের নিচে, তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ব্যাংকের মাধ্যমে ঋণ হিসেবে সর্বোচ্চ ১০ লাখ টাকা এবং পরবর্তীতে অনুদান হিসেবে আরও ১০ লাখ টাকা প্রদান করা হবে। এটি শুধু শহরে সীমাবদ্ধ থাকবে না, যার প্রমাণ উপজেলা পর্যায়ে ব্যাংকগুলোকে নিয়ে এই ক্যাম্পেইনের আয়োজন। আশা করছি, তরুণরা ব্যাংকের এই কর্মসূচির মাধ্যমে নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের উন্নয়নে কাজ করবেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের উপপরিচালক অপু পালিত, জেলা লিড ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক চাঁদপুর শাখার প্রধান ফয়সাল হোসেন এবং সোনালী ব্যাংক ফরিদগঞ্জ শাখার ব্যবস্থাপক আবু বকর পাটওয়ারী।
ক্যাম্পেইনে জানানো হয়, ‘উদ্যোগ’ নামের এই বিশেষ কর্মসূচিতে আগ্রহী তরুণ উদ্যোক্তারা আগামী ৩০ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই কর্মসূচির লিড ব্যাংক হিসেবে কাজ করছে এনসিসি ব্যাংক পিএলসি, ফরিদগঞ্জ শাখা, চাঁদপুর।







