বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২২:০৮

মতলবে চুরি সন্দেহে যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন, আটক ১

রেদওয়ান আহমেদ জাকির।।
মতলবে চুরি সন্দেহে যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় নির্যাতন, আটক ১

মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল ফোন চুরির অপবাদে মো. তারেক ঢালী (১৮) নামের এক যুবককে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বর্তমানে তিনি মতলব সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেলে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক ভুক্তভোগীর খোঁজ নিতে হাসপাতালে যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সফিক প্রধান (৩৫) নামের একজনকে সন্ধ্যায় আটক করেছে।

এর আগে গত মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভুক্তভোগী তারেক ঢালী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদদের হলের ক্যান্টিনে কাজ করেন। তার ছোট ভাই মো. রাসেলও (১৩) সেখানে কর্মরত। সম্প্রতি ছুটিতে তারা বাড়ি এসেছিলেন। মঙ্গলবার ভোররাতে নিজ ঘর থেকে আল-আমীন, সফিক, তানিম ও মোতালেব নামের চারজন তাকে জোরপূর্বক তুলে নিয়ে যান।

আহতের মা খুকী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, "১২ বছর আগে আমার স্বামী মারা যান। অনেক কষ্টে ছেলেদের বড় করেছি। মঙ্গলবার ভোর পাঁচটার দিকে ওরা এসে কোনো কথা ছাড়াই আমার ছেলেকে প্রধানিয়া বাড়িতে তুলে নিয়ে যায়। সেখানে মোবাইল চুরির মিথ্যা অপবাদ দিয়ে গাছে বেঁধে নারকেলের ডাল দিয়ে পেটানো হয়। একপর্যায়ে মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালা হয় এবং প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা ধরে থেমে থেমে এ নির্যাতন চালানো হয়। উপস্থিত অনেকেই দেখেছে, কিন্তু কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। বিকেলে স্থানীয় কয়েকজন তাঁকে উদ্ধার করে আনেন। আর্থিক সংকটের কারণে ছেলেকে সঠিক চিকিৎসাও দিতে পারছি না। প্রশাসন ও সুশীল সমাজের কাছে আমি এই নির্মমতার সুষ্ঠু বিচার চাই।"

স্থানীয় বাসিন্দা নবী উল্লাহ পাটোয়ারী বলেন, "ওরা খুবই অসহায়। ঢাকায় ক্যান্টিনে কাজ করে পেটের ভাত জোগায়। তাকে হত্যার উদ্দেশ্যেই ঘর থেকে তুলে নেওয়া হয়েছিল। আমরা এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, "ভুক্তভোগীকে দেখতে হাসপাতালে যাওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িত অভিযুক্ত সফিক প্রধানকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"

ছবি ক্যাপশন: মতলবে গাছের সাথে বেঁধে নির্যাতনের শিকার আহত যুবক তারেক ঢালী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়