শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২:১৩

মাদক ও কিশোর অপরাধ সমাজের জন্য বড় ভাইরাস

----অতিরিক্ত জেলা প্রশাসক মো. একরামুল সিদ্দিক

আব্দুল্লাহ আল মামুন।।
মাদক ও কিশোর অপরাধ সমাজের জন্য বড় ভাইরাস

মাদক ও কিশোর অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চাঁদপুর সদর উপজেলার ২ নম্বর পাইকদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য র‍্যালি ও মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) শাহমাহমুদপুর ইউনিয়নের পাইকদী-ভাটেরগাঁও ও কর্দি পঞ্চগাঁও মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন এলাকা থেকে মাদকবিরোধী মিছিল নিয়ে মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। পরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. একরামুল সিদ্দিক বলেন, একজন মাদকসেবী শুধু তার পরিবারের বোঝা নয়, সে পুরো সমাজের জন্যও বোঝা। একজন মাদকাসক্ত ব্যক্তি মাদকের প্রভাবে নিজের বাবা-মা, স্ত্রী-সন্তান, এমনকি আপনজনদেরও চিনতে পারে না। নিজের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এমন ঘটনাও ঘটেছে, যেখানে একজন মাদকাসক্ত ব্যক্তি নিজের মা-বাবা ও স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছে। মাদকের কারণে সে কোনটি ভালো আর কোনটি মন্দ, সেই বোধটুকুও হারিয়ে ফেলে।

তিনি আরও বলেন, মাদক ও কিশোর অপরাধ বর্তমানে সমাজের জন্য বড় ধরনের ভাইরাস, যা চারদিকে ছড়িয়ে পড়ছে। সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে, কী করছে— এসব বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখতে হবে। সন্তানদের প্রতি নজর রাখা প্রত্যেক অভিভাবকের প্রধান দায়িত্ব।

সম্প্রতি টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক চীনা নাগরিকের বিরুদ্ধে কিশোরীদের প্রতারণার ঘটনার উল্লেখ করে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে। সন্তানরা যেন টিকটক, ফেসবুক ও মোবাইল ফোনের অপব্যবহারে জড়িয়ে না পড়ে, সেদিকে বিশেষ নজর দিতে হবে।

শিক্ষার মানোন্নয়ন ও সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে তাকে সময় দিতে হবে। শুধু শিক্ষকদের দোষারোপ করলে হবে না; সন্তানের শিক্ষা ও নৈতিকতা গঠনে অভিভাবকদেরও সমান দায়িত্ব রয়েছে। সন্তানদের মুরুব্বিদের সম্মান করা, মানুষের প্রতি ভালোবাসা এবং নৈতিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে।

মাদক নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, প্রশাসন ও পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স (শূন্য সহনশীলতা) নীতি ঘোষণা করেছে। বাংলাদেশে মাদকের সঙ্গে জড়িত কারও স্থান হবে না। যারা মাদক নির্মূলে এ ধরনের উদ্যোগ নিয়েছেন, তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টায় মাদককে সমূলে নির্মূল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবির বলেন, মাদক একটি ভয়ংকর জিনিস। আমরা সবাই চেষ্টা করেও এখনো এটিকে সম্পূর্ণ নির্মূল করতে পারিনি। তবে মাদককে চিরতরে বিদায় করতে হবে। একজন মাদকসেবী আপন-পর কাউকেই চিনতে পারে না। সে নিজের স্বার্থে ছিনতাইসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে এবং সমাজে অরাজকতা সৃষ্টি করে। মাদক হচ্ছে সমাজের সব ধরনের অপরাধ ও অবক্ষয়ের অন্যতম মূল কারণ।

চাঁদপুরে সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ভয়াবহ ঘটনার চিত্র তুলে ধরে তিনি বলেন, এসব ঘটনার পেছনে মাদকের সংশ্লিষ্টতা ছিল। মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এ ক্ষেত্রে রাজনৈতিক সহযোগিতাও পাওয়া যাচ্ছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের প্রতি সবসময় সজাগ দৃষ্টি রাখতে হবে। সন্তান সিগারেট খাওয়া শুরু করলে সেটিকে ছোট করে দেখার সুযোগ নেই। যেদিন বিষয়টি জানতে পারবেন, সেদিন থেকেই তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কারণ সিগারেটসহ যেকোনো ক্ষতিকর অভ্যাসই একসময় বড় বিপদের কারণ হতে পারে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, মাদকের ডিলার ও বিক্রেতাদের চাঁদপুরে থাকতে দেওয়া হবে না। চাঁদপুর শহরকে মাদকমুক্ত করা পুলিশের অঙ্গীকার। সম্মিলিত প্রচেষ্টায় চাঁদপুর থেকে মাদককে চিরতরে বিদায় করা হবে।

তানভীর হোসাইনের পরিচালনায় এবং উপদেষ্টা মো. শফিকুর রহমান কবিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মো. জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মো. ইউসুফ আলী, উপদেষ্টা ও সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ, হাফেজ মাওলানা মিজানুর রহমান মৃধা, মাহবুবুর রহমান বাবলু, শরীফ পাটোয়ারী, আখতার খান, সাইফুল ইসলাম সুমন ও মানিক মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা, সন্তানদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রশাসনের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানশেষে প্রধান অতিথি মাদকবিরোধী কমিটির নাম ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়